ঊর্ধ্বমুখী ধারায় সপ্তাহ শেষ

গ্রাফিকস: আগামীর সময়
সূচক ও লেনদেন বৃদ্ধির মধ্য দিয়ে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারদর বাড়ার পাশাপাশি মোট টাকার অঙ্কেও লেনদেনের পরিমাণ বেড়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট বেড়ে ৫,৪৫২ পয়েন্টে অবস্থান করছে। একই সঙ্গে ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১,০৭৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ২,০৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনভর লেনদেনে অংশ নেওয়া ৩৮৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৪০টির দর বেড়েছে, ৯০টির কমেছে এবং ৫৫টির দর অপরিবর্তিত রয়েছে।
এদিন ডিএসইতে মোট ৪৯৯ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ৪১৬ কোটি ১৫ লাখ টাকা লেনদেনের চেয়ে ৮৩ কোটি ৫৩ লাখ টাকা বেশি।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট বেড়ে ১৪,৫৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সেখানে লেনদেনে অংশ নেওয়া ১৬২টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৯টির দর বেড়েছে, ৩৩টির কমেছে এবং ২০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে মোট ২০ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
টাকার অঙ্কে ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানিটির ৩০ কোটি ৪১ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৬ কোটি ৪২ লাখ ২৮ হাজার টাকার লেনদেন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সোনালি আঁশ এবং ১৩ কোটি ৫৯ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বিএসআরএম স্টিলস লিমিটেড।
শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, ইসলামী ইন্স্যুরেন্স, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, ইভিন্স টেক্সটাইল, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এসআইপিএলসি এবং ওরিয়ন ইনফিউশন।
এদিন শেয়ার দর বৃদ্ধির শীর্ষে ছিল ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১১.৯৭ শতাংশ। মোট ২,৩৫৪ বারে ১০ কোটি ১৯ লাখ টাকা মূল্যের ৫১ লাখ ১৭ হাজার ৫৫৯টি শেয়ার লেনদেন হয়েছে। দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ৯.৮০ শতাংশ এবং কপারটেকের শেয়ার দর ৯.৬৯ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এ ছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড (৯.৬৪ শতাংশ), আরডি ফুড (৯.৪৫ শতাংশ), গোল্ডেন সন (৯.০০ শতাংশ), আইসিবি সোনালী ব্যাংক ওয়ান (৮.১১ শতাংশ), প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড (৭.৫৮ শতাংশ), ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স (৭.৪১ শতাংশ) এবং ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড (৬.৬৭ শতাংশ)।




