ছয় মাসে প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে ১৮৫ শতাংশ

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক পিএলসির চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৬) আর্থিক অবস্থার আরও অবনতি হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির লোকসান বেড়েছে ২৫২ কোটি টাকার বেশি, যা শতাংশের হিসাবে ১৮৫ শতাংশ।
মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এ এসব জানা গেছে।
তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৫ পয়সা। এ সময়ে ব্যাংকটির মোট লোকসান দাঁড়িয়েছে ৩৮৮ কোটি ৭৮ লাখ টাকা। আগের বছরের একই সময়ে ব্যাংকটির লোকসান ছিল ১৩৬ কোটি ৫৭ লাখ টাকা, যা শেয়ারপ্রতি ১ টাকা ১১ পয়সা ছিল।
ফলে এক বছরের ব্যবধানে ব্যাংকটির লোকসান বেড়েছে ২৫২ কোটি ২১ লাখ টাকা।
অন্যদিকে, ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ২৮ পয়সা। এ সময়ে মোট লোকসান হয়েছে ২৮১ কোটি ৫ লাখ টাকা। ২০২৫ সালের একই প্রান্তিকে ব্যাংকটির লোকসান ছিল ১৬৪ কোটি ৪২ লাখ টাকা বা শেয়ারপ্রতি ১ টাকা ৩৩ পয়সা। সে হিসাবে দ্বিতীয় প্রান্তিকে লোকসান বেড়েছে ১১৬ কোটি ৬৩ লাখ টাকা বা প্রায় ৭১ শতাংশ।
প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, সুদভিত্তিক আয় কমে যাওয়ায় চলতি বছরের প্রথমার্ধে লোকসান উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
এদিকে, ২০২৬ সালের ৩০ জুন শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৪৪ পয়সা।




