সূচক বাড়লেও কমেছে লেনদেন

গ্রাফিকস: আগামীর সময়
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে সূচকের এই ইতিবাচক ধারার মধ্যেও এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ার দর হারিয়েছে, একই সাথে আগের দিনের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণও। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের এই উত্থানে অবদান রেখেছে অন্য সূচকগুলোও। এর মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস ০১ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৫ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৪২ পয়েন্টে অবস্থান করছে।
সূচক বাড়লেও আজ বাজারে লেনদেনের গতি কিছুটা মন্থর ছিল। দিনশেষে ডিএসইতে মোট ১ হাজার ৫১৫ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে, যা আগের কার্যদিবসের ১ হাজার ৬৫১ কোটি ২৯ লাখ টাকার চেয়ে কম। এদিন বাজারে মোট ৪০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যার মধ্যে দর বেড়েছে ১৩১টি কোম্পানির, বিপরীতে দর হারিয়েছে ২১৮টি প্রতিষ্ঠান এবং অপরিবর্তিত বাকি ৫১টির দর।
এদিকে ডিএসইতে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বিএসআরএম স্টিল লিমিটেড। দিনভর কোম্পানিটির মোট ৩৭ কোটি ৪১ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের লেনদেনের পরিমাণ ছিল ৩৬ কোটি ৭৭ লাখ ৩২ হাজার টাকা এবং ৩৫ কোটি ৭৪ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে লাফার্জহোলসিম বাংলাদেশ, বাংলাদেশ শিপিং করপোরেশন, এসিআই ফর্মুলেশনস, রবি আজিয়াটা, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম এবং সিটি ব্যাংক পিএলসি অন্যতম।
অন্যদিকে, শেয়ার দর বৃদ্ধির দৌড়ে সবাইকে ছাড়িয়ে শীর্ষে এসিআই ফর্মুলেশনস পিএলসি। আজ কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যেখানে ২ হাজার ৩৯৫ বারে মোট ২৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফার্মা এইডসের শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ৪৯ শতাংশ এবং ৭ দশমিক ২৭ শতাংশ দর বৃদ্ধি পেয়ে তৃতীয় স্থানে রয়েছে এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ড।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশন, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ডিবিএইচ ১ম মিউচুয়াল ফান্ড, বিএসআরএম স্টিল, ডাচ বাংলা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক এবং এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের নাম রয়েছে।
দর বৃদ্ধির বিপরীতে আজ শেয়ার দর পতনের শীর্ষে জুট স্পিনার্স লিমিটেড। আগের দিনের চেয়ে কোম্পানিটির শেয়ার দর আজ ৭ দশমিক ৫৫ শতাংশ কমেছে। দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অ্যাপোলো ইস্পাতের দর কমেছে ৬ দশমিক ৪৫ শতাংশ এবং ৫ দশমিক ৪৮ শতাংশ দর হারিয়ে তৃতীয় স্থানে সোনারগাঁও টেক্সটাইল। বাজারে দর হারানো অন্যান্য মূল কোম্পানিগুলোর মধ্যে রয়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক, অ্যাপেক্স ট্যানারি, এটলাস বাংলাদেশ, দেশ গার্মেন্টস, নাহি অ্যালুমিনিয়াম এবং ফ্যামিলি টেক্স।




