দরপতনে ডিএসইর সব সূচক

গ্রাফিক্স: আগামীর সময়
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের ধারাবাহিকতায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার দরপতন হয়েছে অধিকাংশ শেয়ার ও ইউনিটের। এতে নিম্নমুখী হয়েছে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচক। তবে ক্রয় আদেশ সক্রিয় থাকায় সার্বিক লেনদেনে কিছুটা গতি ফিরেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, দিনের শুরুতে সূচকের ইতিবাচক প্রবণতা ছিল। বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ ধারা বজায় থাকলেও এরপর ধীরে ধীরে চাপ বাড়তে থাকে দরপতনের। দুপুর ১২টা ১০ মিনিটের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ সিকিউরিটিজ দরপতনের তালিকায় চলে যায়। শেষ সময়ে কিছু শেয়ারের দাম বাড়লেও দিন শেষ হয় পতন দিয়েই।
দিন শেষে ডিএসইতে লেনদেন হয় মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ২০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির।
দরপতনের প্রভাবে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট কমে ৫২৩২ পয়েন্টে নেমে এসেছে। এছাড়া শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৩ পয়েন্ট কমে ১০৬০ পয়েন্টে এবং ভালো কোম্পানির সূচক ডিএস-৩০ ১০ পয়েন্ট কমে ১৯৮০ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেনের দিক থেকে কিছুটা ইতিবাচকতা দেখা গেছে। এদিন ডিএসইতে মোট ৮২৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের তুলনায় ৫ কোটি ৫৬ লাখ টাকা বেশি।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-তেও দরপতনের প্রবণতা লক্ষ্য করা গেছে। বাজারটির সার্বিক সূচক সিএএসপিআই ২৮ পয়েন্ট কমে ১৪৭২৪ পয়েন্টে নেমেছে। এদিন সিএসইতে ১৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮১টির দর বেড়েছে, ৯০টির কমেছে এবং ২১টির দর অপরিবর্তিত রয়েছে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৪ কোটি ১৫ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ৪১ কোটি ১৯ লাখ টাকার তুলনায় কম।
ডিএসইতে শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নাহি অ্যালুমিনিয়াম লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটির ৬ কোটি ২ লাখ টাকার ২৫ লাখ ৭৬ হাজার ৫২২ টি শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় ২য় স্থানে থাকা ইভেন্স টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটির ১৭ কোটি ৩৩ লাখ টাকার ১ কোটি ৬১ লাখ ৪৮ হাজার ৫৯৩ টি শেয়ার লেনদেন হয়েছে। তালিকার ৩য় স্থানে থাকা কপারটেকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৬৪ শতাংশ। কোম্পানিটির ৭ কোটি ৪৩ লাখ টাকায় ৩১ লাখ ৩৮ হাজার ৬৮০ টি শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –এপেক্স স্পিনিংয়ের ৮.৪২ শতাংশ, বিডি অটোকারের ৮.২৩ শতাংশ, আমান ফিডের ৭.৮৫ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭.২৫ শতাংশ, একমি পেস্টিসাইডের ৬.৬৭ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৬.২১ শতাংশ ও লাভেলো আইসক্রিমের ৫.৪৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।

