খেজুর আমদানিতে কমবে শুল্ক, বাড়বে দেশি কাজুবাদাম রক্ষায়

ছবি: আগামীর সময়
পবিত্র রমজানসহ সারা বছরই চাহিদা থাকে খেজুরের। এই পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে এবং একই সঙ্গে দেশে কাজুবাদাম চাষ ও প্রক্রিয়াজাতকরণ শিল্পকে সুরক্ষা দিতে শুল্ক কাঠামোতে বড় বদল আনার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বাজেট প্রস্তাবনা অনুযায়ী, সাধারণ ভোক্তাদের স্বস্তি দিতে খেজুর আমদানির ওপর বিদ্যমান ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক (নিয়ন্ত্রণমূলক শুল্ক) সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। ফলে বাজারে কমবে খেজুরের আমদানি ব্যয়। ক্রেতারা তুলনামূলক কম দামে খেজুর কিনতে পারবেন।
অন্যদিকে, পাহাড়ি অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় কাজুবাদাম চাষ ও উৎপাদন উৎসাহিত করতে এবং দেশীয় শিল্পকে রক্ষা করতে আমদানিতে শুল্ক উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব এসেছে।
বিশেষ করে অপ্রক্রিয়াজাত কাজুবাদাম আমদানিতে শুল্ক বর্তমান ১ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ এবং প্রক্রিয়াজাত কাজুবাদাম আমদানিতে শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার সুপারিশ করা হয়েছে। তবে দেশের ভেতরে যারা কাজুবাদাম প্রক্রিয়াজাতকরণ কারখানা গড়ে তুলেছেন, সেসব স্থানীয় উৎপাদকদের কাঁচামাল আমদানির সুবিধার্থে অপ্রক্রিয়াজাত কাজুবাদাম আমদানির ক্ষেত্রে প্রস্তাব দেওয়া হয়েছে শুল্ক ১৫ শতাংশ করার।
এ সিদ্ধান্তের ফলে একদিকে খেজুরের দাম কমবে, অন্যদিকে আমদানি নির্ভরতা কমিয়ে দেশেই বাণিজ্যিক কাজুবাদাম চাষ ও এর প্রক্রিয়াজাতকরণ শিল্প দ্রুত বিকশিত হবে বলে আশা করা হচ্ছে।






