১৮ আগস্ট নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট

একদিনেই সরাসরি সাক্ষাৎকার ও চাকরির সুযোগ নিয়ে আগামী ১৮ আগস্ট রাজধানীর ফার্মগেটের কেআইবি ভবনে অনুষ্ঠিত হবে ‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট অ্যান্ড জব ফেস্ট ২০২৬’। বাংলাদেশের দ্রুত বর্ধনশীল ক্যারিয়ার ইকোসিস্টেম প্ল্যাটফর্ম নেক্সটজবজের আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠানে অংশ নেবে ১০০টির বেশি দেশি ও বহুজাতিক নিয়োগকারী প্রতিষ্ঠান, শিল্প বিশেষজ্ঞ এবং হাজারো চাকরিপ্রার্থী।
আয়োজনটি দুটি পর্বে অনুষ্ঠিত হবে। কেআইবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ক্যারিয়ার সামিট, যেখানে কর্মসংস্থানের বর্তমান প্রবণতা, নেতৃত্ব এবং পেশাগত উন্নয়ন নিয়ে বিভিন্ন প্যানেল আলোচনা ও সেশনে বক্তব্য দেবেন শিল্প বিশেষজ্ঞ ও ব্যবসায়িক নেতারা। একই সময়ে কনভেনশন হল-১-এ অনুষ্ঠিত হবে জব ফেস্ট, যেখানে ১০০টির বেশি প্রতিষ্ঠান বিভিন্ন খাতে সরাসরি নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে।
আয়োজকদের মতে, অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ থাকবে অন-দ্য-স্পট সাক্ষাৎকার ও নিয়োগ প্রক্রিয়া। যোগ্য প্রার্থীরা একই দিনে চাকরির প্রস্তাব পাওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি থাকবে নেটওয়ার্কিং, ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম, র্যাফেল ড্র এবং শিক্ষার্থী, সদ্য স্নাতক, অভিজ্ঞ পেশাজীবী ও ঊর্ধ্বতন নির্বাহীদের জন্য বিভিন্ন ক্যারিয়ারভিত্তিক আয়োজন।
অনুষ্ঠানে থাকবে নেক্সটজবজ লার্নিংল্যাব, যেখানে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রশিক্ষণ ও সার্টিফিকেশন কর্মসূচি সম্পর্কে জানতে এবং নিবন্ধনের সুযোগ পাবেন। এসব কর্মসূচি চাকরিপ্রার্থীদের দক্ষতা উন্নয়ন ও প্রতিযোগিতামূলক কর্মবাজারে নিজেদের প্রস্তুত করতে সহায়তা করবে।
এ ছাড়া নেক্সটজবজ রিসোর্স তাদের হেডহান্টিং, পে-রোল ম্যানেজমেন্ট ও স্টাফিং সল্যুশন সেবা তুলে ধরবে। গোপনীয় ও ঊর্ধ্বতন পর্যায়ের চাকরির সুযোগ খুঁজছেন এমন প্রার্থীদের জন্যও থাকবে বিশেষ সুবিধা।
জব ফেস্টে অংশ নিতে আগ্রহীদের আগে থেকেই নেক্সটজবজ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। ভেন্যুতে কিউআর কোডের মাধ্যমে চেক-ইনের ব্যবস্থা থাকবে।
নেক্সটজবজ বাংলাদেশের একটি সমন্বিত ক্যারিয়ার ইকোসিস্টেম প্ল্যাটফর্ম, যেখানে চাকরি খোঁজা, নিয়োগ, দক্ষতা উন্নয়ন এবং স্টাফিং সেবা একসঙ্গে পাওয়া যায়। আগ্রহী চাকরিপ্রার্থী ও নিয়োগকারী প্রতিষ্ঠান নেক্সটজবজের অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন এবং বিস্তারিত তথ্য জানতে পারবেন।




