সোনালী লাইফের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ত্রয়োদশ বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর মালিবাগে কোম্পানির সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মইনুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক জাফর ইকবাল এনডিসি, শেয়ারহোল্ডার পরিচালক ফজলুতুন নেসা ও মোস্তফা কামরুস সোবহান, রুপালী ইন্স্যুরেন্স কোং লিমিটেডের রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর ফৌজিয়া কামরুন তানিয়া, স্পন্সর পরিচালক শেখ মো. ড্যানিয়েল ও ওমর খৈয়াম।
এ ছাড়া ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, এইচআইসি মো. আলী রেজা, প্রধান পরিচালন কর্মকর্তা মো. মঞ্জুর মোর্শেদ, প্রধান তথ্য কর্মকর্তা হাসিব রেজা, কোম্পানি সেক্রেটারি মো. আব্দুর রব, এফসিএস এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বিপুলসংখ্যক শেয়ারহোল্ডারও অংশ নেন। সভা উপস্থাপনা করেন কোম্পানি সেক্রেটারি মো. আব্দুর রব, এফসিএস।
সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং পরিচালনা পর্ষদ ও নিরীক্ষকদের প্রতিবেদন অনুমোদন করা হয়। একই সঙ্গে ২০২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের অনুকূলে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।
এ ছাড়া ২০২৬ সালের জন্য কোম্পানির আইনগত নিরীক্ষক এবং পরিপালন নিরীক্ষক নিয়োগের বিষয়েও অনুমোদন দেন শেয়ারহোল্ডাররা।
সভায় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মইনুল ইসলাম শেয়ারহোল্ডারদের অব্যাহত আস্থা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি কোম্পানির আর্থিক শৃঙ্খলা, নিয়ন্ত্রক পরিপালন ও করপোরেট সুশাসন বজায় রাখার বিষয়ে পরিচালনা পর্ষদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
শেয়ারহোল্ডাররা কোম্পানির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভূমিকার প্রশংসা করেন।
পরে পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার কার্যক্রম শেষ হয়।







