সাফ চ্যাম্পিয়নশিপের মেডিকেল সাপোর্টে ইউনাইটেড হাসপাতাল

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অংশগ্রহণকারী খেলোয়াড় ও দর্শকদের জরুরি স্বাস্থ্যসেবা দেওয়ার দায়িত্ব পেয়েছে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) আয়োজনে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, অ্যাম্বুলেন্স ও জরুরি চিকিৎসা সরঞ্জাম প্রস্তুত রাখবে প্রতিষ্ঠানটি।
সাফের নির্ধারিত মেডিকেল চাহিদা অনুযায়ী, জাতীয় স্টেডিয়ামে দেশি-বিদেশি খেলোয়াড় ও দর্শকদের দ্রুত চিকিৎসাসেবা দিতে থাকবে তিনটি অ্যাডভান্সড লাইফ সাপোর্ট (এএলএস) অ্যাম্বুলেন্স। এ ছাড়া দায়িত্ব পালন করবেন চারজন বিশেষজ্ঞ চিকিৎসক, চারজন নার্স ও আটজন স্বাস্থ্যসেবা পেশাজীবী।
মাঠ ও দর্শক গ্যালারিতে তাৎক্ষণিক চিকিৎসাসেবা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় থাকবে পৃথক মেডিকেল রুম। পাশাপাশি মাঠে প্রস্তুত রাখা হবে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, দুটি অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর (এইডি), হুইলচেয়ার, স্ট্রেচার এবং প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম।
বাংলাদেশে বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। সাফ চ্যাম্পিয়নশিপে আন্তর্জাতিক প্রোটোকল অনুসরণ করে খেলোয়াড় ও দর্শকদের চিকিৎসাসেবা দেওয়ার এ উদ্যোগ প্রতিষ্ঠানটির জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে।



