শিল্পাঞ্চলে নিরাপত্তা ও নাশকতা রোধে ৯ জেলায় ৫৯ প্লাটুন আনসার মোতায়েন

সংগৃহীত ছবি
গাজীপুরের শিল্পাঞ্চলসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করতে তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর অংশ হিসেবে দেশের ৯ জেলায় ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার বাহিনীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা এবং বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের পরিকল্পনা ও দিকনির্দেশনায় আনসার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
বৃহস্পতিবার গাজীপুরের নাওজোর পয়েন্টে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যান চলাচল বন্ধের চেষ্টা করা হলে আনসার ব্যাটালিয়নের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তা অপসারণ করেন। একই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত তৎপরতায় তা নিয়ন্ত্রণে আনা হয়। পাশাপাশি চান্দনা চৌরাস্তা, মৌচাক, আমবাগকাটা, তেলিরচালা, সফিপুর, সালনা, মাওনা, কোনাবাড়ী ও কাশিমপুরসহ শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে, মোতায়েন করা ৫৯ প্লাটুনের মধ্যে গাজীপুরে ১৯ প্লাটুন, গোপালগঞ্জে ১৫ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৪ প্লাটুন, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে ৪টি করে প্লাটুন এবং সাতক্ষীরা ও ময়মনসিংহে ২টি করে প্লাটুন দায়িত্ব পালন করছে। এসব জেলার শিল্পাঞ্চল, প্রশাসনিক ভবন, গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও জনসমাগমস্থলে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
আনসার সদস্যদের তৎপরতায় শিল্পাঞ্চলের অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং শ্রমিক ও সাধারণ মানুষ নির্বিঘ্নে গন্তব্যে যাতায়াত করছেন। কারখানার উৎপাদন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে পুলিশ, বিজিবি, শিল্প পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন তারা।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে বিশেষ স্ট্রাইকিং টিম ও অতিরিক্ত সদস্য প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি দায়িত্বরত সদস্যদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রাথমিক চিকিৎসাসামগ্রী ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োজিত রয়েছেন। দেশের জননিরাপত্তা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষায় বাহিনীর এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।



