আগামীর সময়

ইকুয়েস্ট্রিয়ান অ্যাসোসিয়েশনের নতুন যাত্রা

ইকুয়েস্ট্রিয়ান অ্যাসোসিয়েশনের নতুন যাত্রা

সংগৃহীত ছবি

নতুনভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ইকুয়েস্ট্রিয়ান অ্যাসোসিয়েশন। এর ফলে দেশের অশ্বারোহী ক্রীড়া খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে বলে আশা করা যাচ্ছে। ২০০৯ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি দীর্ঘদিন পারিপার্শ্বিক বিভিন্ন কারণে নিষ্ক্রিয় ছিল। এখন নতুন কাঠামো ও পরিকল্পনা নিয়ে পুনর্গঠিত হয়েছে।

সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে বলেছে, বাংলাদেশে অশ্বারোহী ক্রীড়া দীর্ঘদিন অবহেলিত থাকলেও বর্তমানে এর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। এই প্রেক্ষাপটে সংগঠনটি দেশব্যাপী ঘোড়ায় চড়া এবং অশ্বারোহী ক্রীড়া সংস্কৃতি ছড়িয়ে দিতে এবং আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার লক্ষ্যে কাজ করবে।

এই লক্ষ্যে গত ২৯ মার্চ সংগঠনের সভাপতি লে. কর্নেল খন্দকার ফরিদুল আকবরের (অব.) সভাপতিত্বে একটি সভা হয় এবং নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভায় কার্যনির্বাহী পরিষদের সদস্যরা বাংলাদেশ ইকুয়েস্ট্রিয়ান অ্যাসোসিয়েশনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে দেশকে অনন্য উচ্চতায় তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংগঠনের সভাপতি লে. কর্নেল খন্দকার ফরিদুল আকবর (অব.) গত দুই দশকেরও বেশি সময় ধরে দেশে এই ক্রীড়ার বিকাশে কাজ করে যাচ্ছেন। তার অভিজ্ঞতা ও নেতৃত্বে এই নতুন উদ্যোগ দেশের ক্রীড়া খাতে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। সংগঠনটি প্রশিক্ষণ, প্রতিযোগিতা, আন্তর্জাতিক অংশগ্রহণ এবং তরুণ প্রজন্মকে উৎসাহিত করার মাধ্যমে একটি শক্তিশালী অশ্বারোহী জনগোষ্ঠী গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

    শেয়ার করুন: