দেশে সহজলভ্য কার্ডিয়াক পুনর্বাসন চালুর উদ্যোগ

বাংলাদেশে সাশ্রয়ী ও সহজলভ্য হৃদরোগ পুনর্বাসন (কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন) সেবা চালুর লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ‘অ্যাফোর্ডেবল কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন: অ্যান আউটরিচ ইন্টারডিসিপ্লিনারি স্ট্র্যাটেজিক স্টাডি-বাংলাদেশ (ACROSS-BD)’ প্রকল্পের আওতায় এক স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের সম্মেলন কক্ষে সভাটির আয়োজন করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বিইউএইচএস)। এতে দেশের শীর্ষস্থানীয় গবেষক, চিকিৎসক, নীতিনির্ধারক ও উন্নয়ন সহযোগীরা অংশ নেন।
সভায় দেশে হৃদরোগ পুনর্বাসন ব্যবস্থা শক্তিশালী করতে গবেষণালব্ধ প্রমাণ, উদ্ভাবন ও করণীয় নিয়ে আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি দেশে অসংক্রামক রোগের (এনসিডি) ক্রমবর্ধমান ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি জানান, দেশে মোট মৃত্যুর ৬৭ শতাংশের জন্য অসংক্রামক রোগ দায়ী। এসব রোগের মধ্যে হৃদরোগ অন্যতম প্রধান কারণ।
প্রতিমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক মান বজায় রেখে সাশ্রয়ী ও স্থানীয় বাস্তবতার উপযোগী কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন মডেল বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় নীতিগত ও কাঠামোগত সহায়তা দেবে। গবেষণার ফলাফল শুধু গবেষণাগার বা বৈজ্ঞানিক সাময়িকীতে সীমাবদ্ধ রাখলে চলবে না। বরং এসব গবেষণার মাধ্যমে তৃণমূল পর্যায়ে সাশ্রয়ী, সহজলভ্য ও টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের উপাচার্য অধ্যাপক জে এম এ হান্নানের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য গবেষণার অধ্যাপক এবং ACROSS প্রকল্পের সহপ্রধান গবেষক অধ্যাপক রড এস টেইলর। একই প্রকল্পের সহপ্রধান গবেষক ও পাকিস্তানের জিয়াউদ্দিন ইউনিভার্সিটি হাসপাতালের অধ্যাপক ইমরান বি চৌধুরীও মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
তাদের উপস্থাপনায় হৃদরোগ থেকে সুস্থ হয়ে ওঠা রোগীদের জন্য সাশ্রয়ী, স্থানীয় সংস্কৃতি ও জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং বাড়িভিত্তিক পুনর্বাসন মডেল তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। এ মডেলে শারীরিক পুনর্বাসনের পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবাও অন্তর্ভুক্ত করার প্রস্তাব তুলে ধরা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) সভাপতি ন্যাশনাল প্রফেসর ডা. এ কে আজাদ খান, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সফিউদ্দিন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তারা হৃদরোগের চিকিৎসা ও ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ এবং কার্যকর পুনর্বাসনব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
ACROSS-BD যুক্তরাজ্যের ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার রিসার্চের (এনআইএইচআর) অর্থায়নে পরিচালিত পাঁচ বছর মেয়াদি আন্তর্জাতিক গবেষণা কর্মসূচি। প্রকল্পটির নেতৃত্ব দিচ্ছে যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয় ও ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে এটি বাস্তবায়ন করছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস।
প্রকল্পটির ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনায় বাংলাদেশে সহযোগিতা করছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এ ছাড়া পাকিস্তানের বিভিন্ন প্রতিষ্ঠান এবং পাকিস্তান ইনস্টিটিউট অব লিভিং অ্যান্ড লার্নিং (পিআইএলএল) এ গবেষণা কর্মসূচির আন্তর্জাতিক অংশীদার হিসেবে যুক্ত রয়েছে।
আয়োজকদের মতে, এই স্টেকহোল্ডার সভার মাধ্যমে ACROSS-BD প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রমকে বাংলাদেশের জাতীয় স্বাস্থ্য অগ্রাধিকারের সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।



