৪৪ বছর পেরিয়ে আস্থার প্রতীক সুন্দরবন কুরিয়ার সার্ভিস

সংগৃহীত ছবি
দেশের প্রথম ও দ্রুততম কুরিয়ার সেবা দানকারী প্রতিষ্ঠান সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা.) লি.-এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে।
আজ রবিবার মতিঝিলের প্রধান কার্যালয়সহ দেশব্যাপী প্রতিষ্ঠানটির সব শাখায় নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর বনানীতে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. ইমামুল কবীর শান্তর কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া করা হয়। পরে বিকালে মতিঝিল প্রধান কার্যালয়ে কেক কাটা ও বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে দিনের কর্মসূচি শেষ করা হয়।
১৯৮৩ সালে জনগণের দোরগোড়ায় দ্রুত ও নির্ভরযোগ্য পার্সেল সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্ত। কুরিয়ার শিল্পের ভিত্তি স্থাপন ছাড়াও সরকারি পর্যায়ে নীতিমালা প্রণয়ন এবং ‘কুরিয়ার সার্ভিসেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ গঠনে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কুরিয়ার খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ‘লিজেন্ড অব কুরিয়ার’ উপাধিতে ভূষিত করেছে।
বর্তমানে দুই শতাধিক নিজস্ব শাখা ও ছয় শতাধিক এজেন্সির মাধ্যমে সারা দেশে বছর জুড়ে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। কভিড মহামারির মতো কঠিন সময়েও জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তারা। বর্তমানে জেনারেল, এক্সপ্রেস, সুপার এক্সপ্রেস, ই-কমার্স ও ইন্টারন্যাশনাল সার্ভিসসহ ১০ ধরনের বহুমুখী সেবা পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। বাণিজ্য, কর্মসংস্থান ও শিল্পায়নে অবদান রেখে আজও দেশের জনগণের আস্থার প্রতীক হিসেবে কাজ করে চলেছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস।



