বাঁশখালীতে চক্ষুসেবা ও পুনর্বাসন সহায়তা কর্মসূচি

সংগৃহীত ছবি
চট্টগ্রামের বাঁশখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়নামিক সিটি ও সালমা-আদিল ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী কমিউনিটি আই ক্যাম্প, বৃক্ষরোপণ এবং পুনর্বাসন সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে ছয় শতাধিক গ্রামবাসী বিভিন্ন সেবা গ্রহণ করেন। লিও ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটি এই আয়োজনে সহযোগিতা করে।
অনুষ্ঠানে বিনামূল্যে চোখের প্রাথমিক চিকিৎসা, ছানি অপারেশনের জন্য রোগী শনাক্তকরণ, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও চশমা বিতরণ করা হয়। লায়ন্স চ্যারিটেবল আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের সহযোগিতায় এই চক্ষুসেবা পরিচালনা করা হয়।
এ ছাড়া বৃক্ষরোপণ এবং শৈশবকালীন ক্যানসার, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও খোসপাঁচড়া বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। পুনর্বাসন সহায়তার অংশ হিসেবে অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণ, গবাদিপশু ও সেলাই মেশিন প্রদান, বাড়িঘর মেরামতের জন্য ঢেউটিন এবং সুবিধাবঞ্চিত পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রসারে পবিত্র কোরআন শরিফ, হাফেজদের পাগড়ি ও রিহাল বিতরণ করা হয়।
লায়ন্স জেলা ৩১৫ বি৪-এর গভর্নর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি মন্তব্য করেন যে লায়নরা বিশ্বজুড়ে মানুষের কল্যাণে নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন এবং এই যৌথ উদ্যোগ অন্যদের মানবিক সেবায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ আবু বকর সিদ্দিকী।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী এবং সালমা আদিল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কঙ্গোর অনারারি কনসাল জিয়াউদ্দিন আদিল।
লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়নামিক সিটির প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল উল্লেখ করেন, মানুষের মৌলিক চাহিদা পূরণ, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং আবাসন ও জীবিকার সুযোগ তৈরির মাধ্যমে অসহায় মানুষকে স্বাবলম্বী করে তোলা তাদের লক্ষ্য।
ক্লাব সার্ভিস চেয়ারপারসন লায়ন আফরোজা বেগমের সার্বিক তত্ত্বাবধানে এবং লায়ন শওকত চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবায়েদ আরাফাত ও রহিমা এতিমখানার সভাপতি ইশতিয়াক উদ্দিন চৌধুরীসহ লায়ন্স ও লিও জেলা পর্যায়ের নেতারা।



