এনআরবি ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত

সংগৃহীত ছবি
এনআরবি ব্যাংক পিএলসির বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বনানীতে ক্লাব নটরডেমিয়াম বাংলাদেশ লিমিটেডে আয়োজিত এ সম্মেলনে টেকসই ব্যাংকিং কার্যক্রমে ঝুঁকি ব্যবস্থাপনা, নিয়ন্ত্রক নির্দেশনা পরিপালন ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
‘ঝুঁকি ব্যবস্থাপনা ব্যাংকারদের ডিএনএর অংশ’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট-১০-এর পরিচালক ইস্তেকমাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসপিসিডির পরিচালক মোহাম্মদ আবদুর রব। মুখ্য আলোচক ছিলেন ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট-১০-এর অতিরিক্ত পরিচালক মো. মাহফুজুর রহমান। সম্মেলনে সভাপতিত্ব করেন এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান।
প্রধান অতিথি ইস্তেকমাল হোসেন দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণের জন্য তিনি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
মোহাম্মদ আবদুর রব ঝুঁকিভিত্তিক তদারকি, নিয়ন্ত্রক বিধিবিধান পরিপালন এবং ঝুঁকি শনাক্ত ও প্রশমনের কৌশল নিয়ে আলোচনা করেন। দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রমে ঝুঁকি সম্পর্কে সচেতনতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
মো. মাহফুজুর রহমান ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো তুলে ধরে সেগুলোতে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেন।
সভাপতির বক্তব্যে তারেক রিয়াজ খান বলেন, ব্যাংকের শীর্ষ পর্যায় থেকেই ঝুঁকি ব্যবস্থাপনার সংস্কৃতি গড়ে তুলতে হবে। প্রত্যেক কর্মকর্তাকে যথাসময়ে ঝুঁকি শনাক্ত ও প্রশমনের পাশাপাশি ভবিষ্যতে ঝুঁকি সৃষ্টির কারণগুলো প্রতিরোধে সচেতন থাকতে হবে।
সম্মেলনের মাধ্যমে করপোরেট সুশাসন জোরদার, ঝুঁকি ব্যবস্থাপনার সংস্কৃতি গড়ে তোলা এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করে টেকসই ব্যাংকিং কার্যক্রম পরিচালনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এনআরবি ব্যাংক।



