খুলনায় রূপালী ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রূপালী ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভায় উপস্থিত অতিথিরা। ছবি: সংগৃহীত
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির খুলনা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বিভাগাধীন শাখাগুলোর ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার খুলনা শহরের সিএসএস আভা সেন্টারের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
তিনি ‘ঋণ বিতরণ বর্ষ ২০২৬’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন, ঋণ বিতরণ কার্যক্রম জোরদার এবং শ্রেণিকৃত ঋণ আদায়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সার্বিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
একই সঙ্গে সিএমএসএমই ঋণ বিতরণ, খেলাপি ঋণ আদায় এবং বাংলা কিউআর মার্চেন্ট অনবোর্ডিং ও লেনদেনে খুলনা বিভাগের সাফল্যের প্রশংসা করেন।
সভায় সভাপতিত্ব করেন রূপালী ব্যাংকের খুলনা বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক রোকনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ক্রেডিট ডিভিশনের মহাব্যবস্থাপক মো. মইনুদ্দিন মাসুদ।
এ ছাড়া বিভাগাধীন তিনটি জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মো. সাহাদ আলী, মুজিব আলম ও সেখ আলাউদ্দিন হোসেন সভায় অংশ নেন।
বিভাগাধীন সব উপমহাব্যবস্থাপক ও মহাব্যবস্থাপক এবং সব শাখা ও উপশাখার ব্যবস্থাপকরাও সভায় উপস্থিত ছিলেন।



