ভেজাল সার নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কৃষি মন্ত্রণালয়ের

গ্রাফিকস: আগামীর সময়
ভেজাল ও নকল সার সংক্রান্ত বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ও বিভ্রান্তিকর তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, পুরনো ও নিষ্পত্তিকৃত একটি ঘটনাকে কেন্দ্র করে ‘সরকার ভেজাল সার সরবরাহ করছে’ মর্মে যে প্রচারণা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত।
আজ শুক্রবার কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ ও সতর্কবার্তা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওটি গত ২৭ আগস্ট মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জাল্লা বাজারের সার ডিলার ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’ থেকে ভেজাল সার জব্দের ঘটনার। ওই সময় সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ভেজাল ডিএপি সার বিক্রির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনি ব্যবস্থা নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করার পাশাপাশি জব্দকৃত ভেজাল সার ধ্বংস করে। এ ছাড়া সংশ্লিষ্ট উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি ওই ডিলারের নিবন্ধন বা ডিলারশিপ বাতিলেরও ব্যবস্থা নেয়।
কৃষি মন্ত্রণালয় জানায়, গত আগস্ট মাসে তাৎক্ষণিকভাবে আইনগত নিষ্পত্তি হওয়া একটি বিষয় নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। মন্ত্রণালয় এ ধরনের মিথ্যা তথ্যের তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি ভবিষ্যতে এ বিষয়ে অসত্য তথ্য প্রচার ও প্রকাশ না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ডিলার পর্যায়ে সার সরবরাহের আগে সরকার নির্ধারিত নিয়ম মেনে পরীক্ষাগারে (ল্যাবরেটরি) সারের গুণগত মান যাচাই করা হয়। পাশাপাশি সার সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ও বিতরণসহ সরবরাহের প্রতিটি পর্যায়ে কঠোর নজরদারি বজায় রাখা হয়। তাই সরকারি ব্যবস্থাপনায় সরবরাহকৃত সারের মান নিয়ে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারে কান না দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।



