রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিংয়ে আকিজ অনলাইন

সংগৃহীত ছবি
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ‘রূপালীক্যাশ’-এর ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হয়েছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ অনলাইন। এ কার্যক্রমের পাইলট পর্ব শুরু হয়েছে।
আজ বুধবার রাজধানীর দিলকুশায় আকিজ অনলাইনের প্রধান কার্যালয় আকিজ চেম্বারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
তিনি উল্লেখ করেছেন, আকিজ অনলাইনের বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে রূপালীক্যাশের সেবা দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে। পাশাপাশি বাংলা কিউআর এর মাধ্যমে সহজ ও নিরাপদ ডিজিটাল লেনদেনের সুযোগ আরও সম্প্রসারিত হবে।
এ উদ্যোগের আওতায় আকিজ অনলাইন নিজস্ব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে সারাদেশে রূপালীক্যাশের ডিস্ট্রিবিউটর কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে সেলস রিপ্রেজেন্টেটিভদের মাধ্যমে এজেন্ট নিয়োগ করা হবে।
এ ছাড়া আকিজ গ্রুপের বিভিন্ন সিস্টার কনসার্নের বেতন-ভাতা, ফি এবং ডিলার, ডিস্ট্রিবিউটর ও মার্চেন্ট সংক্রান্ত লেনদেন রূপালীক্যাশের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আকিজ অনলাইনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ আমিনুদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



