উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা

সংগৃহীত ছবি
উচ্চশিক্ষার পরিবেশ, বিভিন্ন অনুষদ এবং একাডেমিক সুযোগ-সুবিধা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে 'ফিউচার ইজ ইয়োর্স' প্রতিপাদ্যে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু করেছে উত্তরা ইউনিভার্সিটি।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের স্মার্ট ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে ফিতা কেটে 'এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার (স্প্রিং ২০২৭)' শীর্ষক এই মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা। মেলা চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় পাঁচটি স্কুলের অধীনে বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগের আলাদা স্টলের পাশাপাশি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এবং রোভার স্কাউটসহ বিভিন্ন ক্লাবের স্টল রয়েছে। মেলা চলাকালে ভর্তি হওয়া শিক্ষার্থীরা ১০০ শতাংশ পর্যন্ত বৃত্তি (স্কলারশিপ), তাৎক্ষণিক ভর্তির জন্য 'ওয়ান-স্টপ সলিউশন' সেবা এবং আকর্ষণীয় উপহার পাবেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা উল্লেখ করেন, 'ফিউচার ইজ ইয়োর্স' প্রতিপাদ্যটি মানসম্মত শিক্ষা, ব্যবহারিক জ্ঞান ও ক্যারিয়ার গড়ার সুযোগের মাধ্যমে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে উত্তরা ইউনিভার্সিটির অঙ্গীকারেরই প্রতিফলন। শিক্ষার্থী ও অভিভাবকদের ক্যাম্পাস ঘুরে দেখার আমন্ত্রণ জানিয়ে তিনি আরও বলেছেন, আপনারা আমাদের বিশ্ববিদ্যালয়ের সবকিছু জানবেন এবং যেকোনো প্রয়োজনে যোগাযোগ করবেন। আমরা আপনার সন্তানের পাশে আছি।
উত্তরা ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য নাবিদ আজিজ মন্তব্য করেন, ভবিষ্যতের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে বিশ্ববিদ্যালয়টি মানসম্মত শিক্ষা, ব্যবহারিক দক্ষতা ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতে কাজ করছে। উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে প্রতিষ্ঠানটিকে একটি শীর্ষস্থানীয় অবস্থানে নিয়ে যাওয়াই তাদের মূল লক্ষ্য।
অফিস অব অ্যাডমিশনের পরিচালক কাজী তারেক উল্যাহ তুলে ধরেন, এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার তাদের একটি ঐতিহ্য। স্থায়ী ক্যাম্পাসের মনোরম পরিবেশ এবং যুগোপযোগী কারিকুলাম সম্পর্কে নতুন প্রজন্মকে অবহিত করার পাশাপাশি একই ছাদের নিচে সব ধরনের ভর্তি কার্যক্রম সহজে সম্পন্ন করাই এই আয়োজনের উদ্দেশ্য।
মেলায় আসা শিক্ষার্থী ও অভিভাবকরা স্টলগুলোতে উপস্থিত শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম, গবেষণার সুযোগ ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, উপদেষ্টা, ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



