এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন

সংগৃহীত ছবি
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ. হাসান এবং ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছেন অপর প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন।
গত ৯ সেপ্টেম্বর বুধবার অনুষ্ঠিত বোর্ডের ২০২তম সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক উন্নয়ন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
নতুন চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান একজন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সফল ব্যবসায়ী। তিনি বাংলাদেশে ম্যাক লুব্রিকেন্টসের একমাত্র পরিবেশক কেমলুব লিমিটেডের চেয়ারম্যানের পাশাপাশি আমেরিকান ডেইরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সুবারু বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীনও একজন সফল ব্যবসায়ী ও শিক্ষানুরাগী। তিনি বর্তমানে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালনের পাশাপাশি আমেরিকান ডেইরি লিমিটেডের চেয়ারম্যান এবং কেমলুব লিমিটেড, সানজাইব লিমিটেড ও সানজাইব ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োজিত আছেন।
তাদের এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা নবদায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।



