ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান আনসার মহাপরিচালকের

সংগৃহীত ছবি
ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য নবীন কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
আজ রবিবার বাহিনীর সদর দপ্তরের সম্মেলন কক্ষে ৪৫তম বিসিএস (আনসার) ক্যাডারের ১৯ নবীন কর্মকর্তাকে বরণ করে নেওয়া উপলক্ষে আয়োজিত এক পরিচিতি সভায় তিনি এই আহ্বান জানান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান শেষে নবীন কর্মকর্তারা সদর দপ্তরে পৌঁছালে মহাপরিচালক তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে মহাপরিচালক উল্লেখ করেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের বৃহত্তম জনসম্পৃক্ত শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী। প্রায় ৬০ লাখ সদস্যের এই বাহিনীর ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার ও ভিডিপি সদস্যদের মূল দায়িত্ব আলাদা হলেও জাতীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা ও জনকল্যাণে সবার সম্মিলিত অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও যোগ করেন, প্রত্যেক কর্মকর্তার ব্যক্তিগত সাফল্য অর্জনের পাশাপাশি প্রাতিষ্ঠানিক উৎকর্ষ অর্জন এবং জাতীয় স্বার্থে অবদান রাখার মানসিকতা থাকতে হবে। এই বাহিনী কেবল আইনশৃঙ্খলা রক্ষাতেই সীমাবদ্ধ নয়; বরং সামাজিক নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা ও আর্থসামাজিক উন্নয়নেও বড় ভূমিকা পালন করে আসছে।
নবীন কর্মকর্তাদের উদ্দেশে মহাপরিচালক বলেন, মাঠপর্যায়ের সদস্যদের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে একটি সুসংগঠিত, দক্ষ ও জনবান্ধব বাহিনী গড়ে তুলতে হবে। দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের পরিচয় দেওয়ার পাশাপাশি জ্ঞান, মেধা ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে বাহিনীর প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও বিস্তৃত করার আশা প্রকাশ করেন তিনি।



