জানুয়ারির শুরুতেই বাজারে খেজুর চান বাণিজ্যমন্ত্রী

সংগৃহীত ছবি
পবিত্র রমজানের কেনাকাটার চাপ শুরুর আগেই আগামী জানুয়ারির প্রথম দিকে দেশের বাজারে পর্যাপ্ত খেজুর সরবরাহ নিশ্চিত করতে চান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ লক্ষ্যে আলজেরিয়া থেকে সরাসরি খেজুর আমদানির বিষয়ে দেশটির রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির সঙ্গে আলোচনা করেছেন তিনি। আলজেরীয় একটি বেসরকারি প্রতিষ্ঠান পরিবহন খরচসহ প্রতি কেজি ২ থেকে ৫ মার্কিন ডলারে খেজুর সরবরাহের প্রস্তাব দিয়েছে।
আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রী বলেন, ভোক্তারা সাধারণত জানুয়ারির মাঝামাঝি থেকেই রমজানের কেনাকাটা শুরু করেন। তাই জানুয়ারির শুরুতেই খুচরা বাজারে পর্যাপ্ত খেজুর পৌঁছানো জরুরি।
রাষ্ট্রদূত জানান, আলজেরিয়ায় এখন খেজুরের ভরা মৌসুম চলছে। প্রতিযোগিতামূলক দামে খেজুর সরবরাহের একটি প্রস্তাব এরই মধ্যে কৃষি মন্ত্রণালয় পাঠিয়েছে। এ ছাড়া আলজেরিয়ার একটি বেসরকারি রপ্তানিকারক প্রতিষ্ঠান পরিবহন খরচসহ প্রতি কেজি ২ থেকে ৫ মার্কিন ডলারে খেজুর সরবরাহের প্রস্তাব দিয়েছে।
রাষ্ট্রদূতের ভাষ্য, আগামী সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করা গেলে ২০ থেকে ৩০ দিনের মধ্যে খেজুরের চালান বাংলাদেশের বন্দরে পৌঁছানো সম্ভব।
এদিকে রমজান সামনে রেখে গত ১৫ নভেম্বর খেজুর, মালটা ও আপেলের আমদানি শুল্ক কমানোর সিদ্বান্ত নিয়েছে সরকার। মন্ত্রিসভার বৈঠকে খেজুর আমদানির ক্ষেত্রে বিদ্যমান কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে, যা কার্যকর থাকবে আগামী ১০ মার্চ পর্যন্ত।
রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে সাম্প্রতিক সময়ে আলজেরিয়া সফরের প্রসঙ্গ তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, জ্বালানি খাতে দেশটির সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পুরনো বাণিজ্য চুক্তি নবায়ন এবং যৌথ বাণিজ্য কমিটি গঠনের বিষয়েও দুই পক্ষ একমত হয়েছে।
দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়াতে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবং আলজেরিয়ার চেম্বার অব কমার্সের মধ্যে সরাসরি যোগাযোগ ও নিয়মিত বৈঠকের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে আলজেরিয়ায় হালাল পণ্য রপ্তানির নতুন নিয়ম তুলে ধরেন রাষ্ট্রদূত। এ ছাড়া আগামী ৩ থেকে ৭ ডিসেম্বর আলজেরিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক হস্তশিল্প মেলায় বাংলাদেশের কারুশিল্পী ও উদ্যোক্তাদের অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয় ও আলজেরীয় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




