পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে বিজিএমইএর আপত্তির জবাব দিল সিপিডি

সেন্টার ফর পলিসি ডায়ালগের লোগো। ছবি: সংগৃহীত
তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) হিসাব পদ্ধতিতে আপত্তি জানিয়েছিল পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
আজ রবিবার বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের কাছে পাঠানো পাঁচ পৃষ্ঠার এক চিঠিতে সেই আপত্তিগুলোর বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ। চিঠিতে সিপিডি স্পষ্ট করেছে যে, তাদের বিশ্লেষণ কোনো চূড়ান্ত মজুরি প্রস্তাব নয়, বরং ন্যূনতম মজুরি নির্ধারণে আলোচনার জন্য একটি সম্ভাব্য পরিসর মাত্র।
পরিবারের সদস্যসংখ্যা ও উপার্জনকারী নির্ধারণের বিষয়ে সিপিডি জানিয়েছে, বিবিএস ও বিলসসহ বিভিন্ন গবেষণার মধ্যমান বিবেচনায় নিয়ে তারা পরিবারে ৪ সদস্য এবং ১ দশমিক ৫৮ জন উপার্জনকারী ধরেছে। বিজিএমইএর প্রস্তাব অনুযায়ী পরিবারের গড় সদস্যসংখ্যা ৩ দশমিক ৯৬ ধরলেও দারিদ্র্যসীমাভিত্তিক মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে কমে ১৮ হাজার ৩৯২ টাকা হবে, যা মাত্র ১৮৬ টাকার পার্থক্য তৈরি করে। এছাড়া অধিকাংশ শ্রমিক শহর ও শিল্পাঞ্চলে বাসাভাড়া নিয়ে থাকেন এবং বাজার থেকে পণ্য কেনেন বলে গাজীপুর ও নারায়ণগঞ্জসহ শিল্পাঞ্চলের প্রকৃত জীবনযাত্রার ব্যয় বুঝতে ঢাকা বিভাগের শহরাঞ্চলের দারিদ্র্যসীমা ব্যবহার করা হয়েছে।
বাসাভাড়া দুবার গণনার অভিযোগ নাকচ করে গবেষণা সংস্থাটি জানিয়েছে, বিবিএসের খাদ্যবহির্ভূত ব্যয় থেকে ঘরভাড়া এবং খাদ্য ব্যয় থেকে তামাকের খরচ বাদ দিয়েই অন্যান্য অপরিহার্য ব্যয় ধরা হয়েছে। তাই আলাদাভাবে ১০ হাজার টাকা বাসাভাড়া যোগ করায় ব্যয় দুবার গণনার কোনো সুযোগ নেই।
অন্যদিকে ২০২৪ সালের ডিসেম্বর থেকে ৯ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট কার্যকর হওয়ায় পুরোনো শ্রমিকদের বেতন বাড়লেও নতুন শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকাই রয়ে গেছে বলে উল্লেখ করেছে সিপিডি।
চিঠির শেষাংশে সিপিডি বলেছে, জ্বালানি সংকট বা উচ্চ সুদের হারের মতো কাঠামোগত সমস্যার দায় শ্রমিকদের কম মজুরি দিয়ে মেটানো উচিত নয়। তবে মজুরি বৃদ্ধির পক্ষে অবস্থান নিলেও শিল্পে যেকোনো ধরনের ভাঙচুর ও সহিংসতার বিরোধিতা করেছে সংস্থাটি। শ্রমিক ও কারখানা মালিক উভয় পক্ষের বাস্তবতা এবং শ্রম আইনের ১৪১ ধারা অনুসরণ করে বড় পরিসরে বৈজ্ঞানিক জরিপের মাধ্যমে ন্যায্য মজুরি নির্ধারণের আহ্বান জানিয়েছে সিপিডি।
গত ১৮ নভেম্বর ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬, বিবেচ্য বিষয়সমূহ’ শিরোনামে ব্রিফিং করে সিপিডি। সংস্থাটি চলমান শ্রম অসন্তোষ সমাধানের কয়েকটি প্রস্তাব দিয়ে মতামত দেয় যে, মূল্যস্ফীতি বিবেচনায় নিলে ন্যূনতম বেতন ১৮ হাজার ৫৭৮ টাকা ও মর্যাদাপূর্ণ ন্যূনতম মানবিক জীবনযাপনের বিষয়টি বিবেচনায় নিলে মজুরি ২৪ হাজার ২০৪ টাকা হয়।



