সোনালীতেই থাকছেন শওকত, জনতা অগ্রণী বেসিক ব্যাংকে নতুন এমডি

বামে সোনালী ব্যাংক পিএলসির এমডি মো. শওকত আলী খান। ডানে অন্য তিন ব্যাংকের লোগো
রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেই থাকছেন মো. শওকত আলী খান। এক সপ্তাহ আগে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের যে আদেশ দেওয়া হয়েছিল তা প্রত্যাহার করেছে সরকার। একই সঙ্গে জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক ও বেসিক এমডি পদে তিন কর্মকর্তাকে মনোনয়ন দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন আজ সোমবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে অনুযায়ী, জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক পদে মো. মাহবুব আলমকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি বেসরকারি সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার। তাকে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিতে সম্মতি দিয়েছে সরকার।
অন্যদিকে অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদকে। এ ছাড়া বেসিক ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক পদে মনোনয়ন পেয়েছেন জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হুদা। তাদের দুজনকেই যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে।
ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ অনুযায়ী এসব কর্মকর্তাদের নিয়োগের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। মনোনয়নের পর নিয়োগ পরবর্তী আনুষ্ঠানিকতাও সম্পন্ন করতে বলা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবার সই করা এসব প্রজ্ঞাপন সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের কাছে পাঠানো হয়েছে।




