ব্র্যাক ব্যাংকের পরিবেশবান্ধব প্রকল্পে ইআইবির অর্থায়ন

সংগৃহীত ছবি
বাংলাদেশে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ বাড়াতে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) থেকে ৬০ মিলিয়ন ইউরোর দীর্ঘমেয়াদি অর্থায়ন সুবিধা পেয়েছে ব্র্যাক ব্যাংক। ১২ বছর মেয়াদি এই অর্থায়নটি বাংলাদেশের কোনো বাণিজ্যিক ব্যাংকের জন্য আন্তর্জাতিক উন্নয়ন প্রতিষ্ঠান থেকে পাওয়া এযাবৎকালের সবচেয়ে দীর্ঘমেয়াদি ঋণ সুবিধা। ব্র্যাক ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে সংগ্রহ করা এই তহবিল মূলত দেশের তৈরি পোশাক, টেক্সটাইল খাত এবং ক্ষুদ্র উদ্যোগগুলো পরিবেশবান্ধব উৎপাদনে রূপান্তরে সহায়তা করবে। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্র্যাক ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোট তহবিলের ৪০ মিলিয়ন ইউরো আড়াই হাজারের বেশি ক্ষুদ্র উদ্যোগে বিনিয়োগ করা হবে। এর মাধ্যমে আধুনিক যন্ত্রপাতি ক্রয়, বর্জ্য হ্রাস, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ, পরিবেশবান্ধব ভবন, বৈদ্যুতিক যানবাহন, বৃষ্টির পানি সংরক্ষণসহ জলবায়ু সুরক্ষায় নানা পদক্ষেপ নেওয়া হবে। বাকি ২০ মিলিয়ন ইউরো বড় আকারের প্রকল্পে ব্যয় করা হবে। যার মূল লক্ষ্য তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পে সার্কুলার উৎপাদন প্রক্রিয়াকে গতিশীল করা।
বর্তমানে ইউরোপের বাজারে পরিবেশবান্ধব ও স্বচ্ছ সাপ্লাই চেইনের চাহিদা ক্রমাগত বাড়ছে। তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের জন্য বিশ্ববাজারে প্রতিযোগিতা ধরে রাখতে এমন অর্থায়ন অত্যন্ত জরুরি। এই তহবিল ব্যবসায়ীদের আন্তর্জাতিক টেকসই মানদণ্ড পূরণে সহায়তা করবে।
ইআইবির ভাইস প্রেসিডেন্ট জেলসোমিনা ভিলিওত্তি জানান, কীভাবে ইউরোপীয় অর্থায়ন আরও বেশি পরিবেশবান্ধব, টেকসই এবং প্রতিযোগিতাপূর্ণ সাপ্লাই চেইন তৈরি করতে সাহায্য করতে পারে— এই চুক্তিটি তার-ই প্রমাণ।
ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেছেন, এই অংশীদারত্ব দেশের শিল্প খাতের ভ্যালু চেইনে পরিবেশবান্ধব বিনিয়োগ বাড়াতে সাহায্য করবে। এর ফলে শিল্পের আধুনিকায়ন ও সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সক্ষমতা আরও বাড়বে এবং একটি শক্তিশালী ও টেকসই অর্থনীতি গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।




