সিএফএ সোসাইটি বাংলাদেশের নতুন কমিটি গঠন

সিএফএ সোসাইটি বাংলাদেশের সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যাংক এশিয়া পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং করপোরেট অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান মাহতাব ওসমানী। দুই বছর মেয়াদি কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি বিদায়ী সভাপতি আসিফ খানের স্থলাভিষিক্ত হয়েছেন।
আজ বুধবার সিএফএ সোসাইটি বাংলাদেশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনটির কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত মাহতাব ওসমানী নতুন দায়িত্ব নেওয়ার আগে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নতুন কার্যনির্বাহী পরিষদে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মনিরুল ইসলাম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এছাড়া শান্তা সিকিউরিটিজ লিমিটেডের গবেষণা ও কৌশলগত পরিকল্পনা বিভাগের প্রধান এস. এম. গালিবুর রহমান সেক্রেটারি এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ওয়েলথ অ্যান্ড অ্যাডভাইজরি বিভাগের প্রধান মো. সাকিব চৌধুরী ট্রেজারার নির্বাচিত হয়েছেন।
পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন এজ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান আসিফ খান, ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সিনিয়র পোর্টফোলিও ম্যানেজার এস. এম. সামিউজ্জামান এবং লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের স্ট্র্যাটেজি বিভাগের ব্যবস্থাপক সাদ মোহাম্মদ নিয়ামতুল্লাহ।
সিএফএ সোসাইটি বাংলাদেশ বৈশ্বিক বিনিয়োগ পেশাজীবীদের সংগঠন সিএফএ ইনস্টিটিউটের স্থানীয় সদস্য সংগঠন। দেশের বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, নিয়ন্ত্রক সংস্থা ও করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত সিএফএ চার্টারধারী এবং বিনিয়োগ পেশাজীবীদের নিয়ে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হয়।
ফাইন্যান্স ও বিনিয়োগ বিষয়ে শিক্ষা বিস্তার, বিনিয়োগ পেশায় নৈতিকতা ও পেশাদারিত্বের উন্নয়ন, নীতিনির্ধারক ও নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততা এবং সদস্যদের ধারাবাহিক পেশাগত উন্নয়নের সুযোগ সৃষ্টি সংগঠনটির অন্যতম প্রধান কার্যক্রম।




