গাজীপুরে পোশাকশ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতাকর্মীদের ধাওয়া

গাজীপুরে পোশাকশ্রমিক তৌফিক হোসেনের গায়েবানা জানাজায় এনসিপি নেতাকর্মীদের ধাওয়া। ছবি: আগামীর সময়
গাজীপুর মহানগরীর বাংলাবাজার এলাকায় পোশাকশ্রমিক তৌফিক হোসেনের গায়েবানা জানাজা পড়তে এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়ার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।
আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
জানা গেছে, পোশাকশ্রমিক তৌফিক হোসেনের মৃত্যুর ঘটনায় আজ দুপুর ১২টার দিকে চান্দনা চৌরাস্তায় গায়েবানা জানাজার কর্মসূচি ঘোষণা করেন এনসিপি নেতা আলী নাসের খান।
দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি চান্দনা চৌরাস্তা মোড়ে আসেন। সেখানে গায়েবানা জানাজার ব্যানার নিয়ে তারা বক্তব্য দেন। এনসিপি ও শ্রমিক শক্তির কয়েকজন নেতা বক্তব্য দেওয়ার পর আলী নাসের খান বক্তব্য রাখেন। তার বক্তব্য শেষে গায়েবানা জানাজা না পড়ে তিনি মোনাজাত শুরু করেন। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
আলী নাসের খান বলেছেন, পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করেছে। আমরা পোশাকশ্রমিক তৌহিদ হত্যার বিচার দাবি করছি। সেই সঙ্গে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানাই।
আলী নাসের খানের দাবি, পুলিশের হামলায় জাতীয় শ্রমিক শক্তির সভাপতি এবং এনসিপির গাজীপুর জেলা কমিটির এক নেতাসহ অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।




