ফসলি জমিতে রাইস মিলের বর্জ্য, হুমকিতে কৃষি ও জনস্বাস্থ্য

রাইস মিলের বর্জ্যে মারা যাচ্ছে ধান
টাঙ্গাইলের কালিহাতীতে ফসলি জমির পাশে গড়ে উঠেছে অনুমোদনহীন রাইস মিল ও খাদ্য উৎপাদনকারী কারখানা। এসব প্রতিষ্ঠানের রাসায়নিক বর্জ্য ও দূষিত পানিতে নষ্ট হচ্ছে কৃষকের ফসল। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগও উঠেছে কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অধিকাংশ প্রতিষ্ঠানের প্রয়োজনীয় লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র নেই বলে অভিযোগ স্থানীয়দের। এসব অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
সরেজমিনে দেখা যায়, কালিহাতী উপজেলায় বেশ কয়েকটি রাইস মিল ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এর মধ্যে কালিহাতী-বল্লা সড়কে অবস্থিত মেসার্স এশিয়া মাল্টি এগ্রো ফুডে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিম্নমানের ও ভেজাল চাল উৎপাদনের অভিযোগও তুলেছেন স্থানীয়রা।
তাদের দাবি, চাল কেটে ছোট ছোট দানায় পরিণত করে বিভিন্ন মোড়কে বাজারজাত করা হচ্ছে।
স্থানীয় এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, এশিয়া মাল্টি এগ্রো ফুডে অস্বাস্থ্যকর পরিবেশে চাল উৎপাদন করা হয়। প্রতিষ্ঠানটি ভেজাল চালও তৈরি করে। চাল কেটে ছোট করে বিভিন্ন মোড়কে বাজারজাত করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কালিহাতী-বল্লা সড়কের আশপাশে ঘনবসতি রয়েছে। আবার যেসব এলাকায় বসতি কম, সেখানে রয়েছে তিন ফসলি জমি। এসব জমির মাঝখানে কারখানা গড়ে তুলে পরিবেশ ও কৃষির ক্ষতি করা হচ্ছে।
তাদের ভাষ্য, যেসব প্রতিষ্ঠানের কাজ খাদ্য উৎপাদন, সেখানেই যদি খাদ্য নষ্ট করা হয়, তাহলে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠে। তারা দ্রুত এসব কারখানা বন্ধ করে কৃষিজমি রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
অন্যদিকে প্রগতি এগ্রো ফুড, স্বদেশ অটোমেটিক রাইস মিল ও কালিহাতী এগ্রো ফুডের রাসায়নিক বর্জ্য ও দূষিত পানিতে আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন কৃষকেরা।
তাদের দাবি, শুধু ক্ষতিপূরণ দিলেই হবে না, ফসলি জমির মাঝখানে গড়ে ওঠা এসব শিল্পকারখানা অন্যত্র সরিয়ে নিতে হবে। পাশাপাশি বর্জ্য নিঃসরণ বন্ধ, ক্ষতিগ্রস্ত জমির ক্ষতিপূরণ এবং অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
কৃষক আনিসুর রহমান জানান, কারখানার রাসায়নিক বর্জ্য ও দূষিত পানির কারণে জমিতে ধানের ফলন হচ্ছে না। যেটুকু ফসল উৎপাদিত হয়েছে, তারও বড় একটি অংশ নষ্ট হয়ে গেছে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি লোকসান গুনতে হচ্ছে। অথচ ক্ষতিগ্রস্ত কৃষকদের কোনো ক্ষতিপূরণ দিচ্ছেন না কারখানার মালিকেরা।
কৃষক বেল্লাল হোসেন অভিযোগ করেন, এসব কারখানার অধিকাংশেরই লাইসেন্স নেই। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের যোগসাজশে সংশ্লিষ্ট দপ্তরের একটি সিন্ডিকেট লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। পরিবেশ অধিদপ্তরকে মৌখিকভাবে বিষয়টি জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। কারখানার মালিকেরাও ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিচ্ছেন না।
খাদ্য উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে স্বাস্থ্যসম্মত পরিবেশ ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকার কথা। কিন্তু এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগ উঠেছে। একদিকে নিম্নমানের ও ভেজাল খাদ্যপণ্য বাজারজাতের অভিযোগ, অন্যদিকে কারখানার বর্জ্যে কৃষিজমির ক্ষতি। সব মিলিয়ে জনস্বাস্থ্য, কৃষি ও পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।
এ বিষয়ে এশিয়া মাল্টি এগ্রো ফুডের মালিক লুৎফর জানান, কারখানার লাইসেন্সের জন্য প্রাথমিক অনুমোদন চেয়ে পরিবেশ অধিদপ্তরে আবেদন করেছেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মঈনুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের দায়িত্বের কথা উল্লেখ করেন। তার দাবি, পরিবেশ অধিদপ্তরের প্রাথমিক অনুমোদন পাওয়ার পরই খাদ্য উৎপাদনের লাইসেন্স দেওয়া হয়। কোন কোন কারখানা অবৈধভাবে পরিচালিত হচ্ছে, সেগুলোর তালিকা চেয়ে তিনি বলেন, তালিকা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জহিরুল ইসলাম জানান, অভিযুক্ত কয়েকটি কারখানার বিষয়ে তিনি অবগত আছেন। এর আগে একটি কারখানায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছিল। অন্য প্রতিষ্ঠানগুলোর বিষয়েও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



