ফরিদপুরে হামে আরও এক শিশুর মৃত্যু
ফরিদপুর প্রতিনিধি

ফাইল ছবি
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামে আরেক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে মৃত্যুর সংখ্যা ১৪। গতকাল সোমবার রাতে জান্নাতি নামে ৬ মাস বয়সী এক শিশু মারা যায়। সে মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর গ্রামের নুরু হকের মেয়ে।
জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানিয়েছেন, ফরিদপুর জেলায় বেড়েছে হামের প্রকোপ। শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোয় নেওয়া হয়েছে বিশেষ চিকিৎসা ব্যবস্থা।
তিনি জানালেন, ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এখন ভর্তি ১৩৬ রোগী। দুই হাসপাতাল থেকে এখন পর্যন্ত চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৬১৭ জন।
শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিতের পাশাপাশি জ্বর, শরীরে র্যাশ ও সর্দি-কাশির মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।






