সেন্টমার্টিনে আটকা সহস্রাধিক পর্যটক, নৌযান চলাচল বন্ধ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। বৈরী আবহাওয়ায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এতে গত ১৭ ও ১৮ নভেম্বর সেন্টমার্টিনে বেড়াতে যাওয়া এক হাজারের বেশি পর্যটক দ্বীপে আটকা পড়েছেন। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তাদের কক্সবাজারে ফেরার সুযোগ নেই। ফলে দ্বীপে থাকা পর্যটকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ।
আজ বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার-সেন্টমার্টিন ও টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে কক্সবাজার-মহেশখালী, পেকুয়া-কুতুবদিয়া ও বাঁশখালী-কুতুবদিয়া নৌপথেও সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।
টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান জানান, শুধু পর্যটকবাহী জাহাজ নয়, টেকনাফ-সেন্টমার্টিন পথে চলাচলকারী ট্রলার, স্পিডবোটসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান বলেছেন, বৈরী আবহাওয়া ও উত্তাল সমুদ্রের কারণে পর্যটকবাহী জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সমুদ্রের পরিস্থিতি অনুকূলে না থাকলে জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ। আবহাওয়া স্বাভাবিক হলে পরবর্তী নির্দেশনা অনুযায়ী আবার জাহাজ চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চট্টগ্রাম দপ্তর এ নির্দেশনা জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বলবৎ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকবাহী জাহাজসহ নৌযান চলাচল বন্ধ রাখতে হবে। সমুদ্রে অবস্থানরত নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। ঘূর্ণিঝড়টি ২০ নভেম্বর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে সতর্কসংকেত জারি রয়েছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বললেন, বর্তমানে এক হাজারের বেশি পর্যটক দ্বীপে অবস্থান করছেন। আবহাওয়া স্বাভাবিক হলেই তাদের ফেরার ব্যবস্থা করা সম্ভব হবে।
দ্বীপের পশ্চিম পাড়ার একটি রিসোর্টে অবস্থানরত পর্যটক মাহবুব আহমদ শাকিল বললেন, ‘সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার অবস্থা দেখে মনে হচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে। যাত্রা বিলম্ব হলেও এখানে অবস্থান করা ছাড়া আর উপায় নেই।’
এদিকে বৃহস্পতিবার সেন্টমার্টিন যাওয়ার জন্য আগাম টিকিট কাটা পর্যটকদের টিকিটের টাকা ফেরত অথবা পরবর্তী সময়ে ভ্রমণের সুযোগ দেওয়ার কথা জানিয়েছে জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব)।
সংগঠনটির সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেছেন, আবহাওয়া অনুকূলে এলে বৃহস্পতিবারের টিকিটধারীরা একই টিকিটে পরবর্তী সময়ে ভ্রমণ করতে পারবেন। কোনো কারণে ভ্রমণ সম্ভব না হলে টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে।
দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি পর্যটন মৌসুমে গত ৫ নভেম্বর কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়। এ মৌসুমে পাঁচটি জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে। জাহাজে প্রায় ১২০ কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে দ্বীপে পৌঁছাতে সময় লাগে প্রায় ৮-৯ ঘণ্টা।
সেন্টমার্টিন হোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ রহিম জিহাদী বলেছেন, দ্বীপে এক রাতে প্রায় পাঁচ হাজার পর্যটকের থাকার ব্যবস্থা রয়েছে। তবে আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় বর্তমানে পর্যটন ব্যবসায়ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।



