সুবর্ণচর
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, ৩ কিশোর নিহত

নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন কিশোর নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার কাঞ্চন বাজার থেকে চর হাসান ভূঁইয়ারহাট সড়কের বড় ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো— পূর্ব চরবাটা ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার আদর্শ গ্রামের আবু তাহেরের ছেলে শাহাদাত হোসেন এবং একই উপজেলার হাজী গ্রামের শিউলী একরাম বাজার এলাকার কামালের ছেলে আব্দুল করিম (১৭), পূর্ব চরবাটা ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে মো. শামীম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল করিম ও ইটভাটার শ্রমিক শাহাদাতসহ তিন বন্ধু মোটরসাইকেলে করে কাঞ্চন বাজার থেকে ভূঁইয়ারহাট বাজারে যাচ্ছিল। পথে একটি নির্মাণাধীন ব্রিজ থেকে নামার সময় সড়কে ছড়িয়ে থাকা বালুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে তিন মোটরসাইকেল আরোহী গুরুত্ব আহত হয়।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।




