অবহেলিত অঞ্চলের তরুণদের জাগাতে চাকরি মেলা: সমাজকল্যাণমন্ত্রী

বিরামপুরে চাকরিমেলায় কথা বলছেন সমাজকল্যাণমন্ত্রী
দিনাজপুরের বিরামপুরে চাকরিপ্রার্থীদের সঙ্গে নিয়োগদাতাদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করতে অনুষ্ঠিত হয়েছে চাকরি মেলা-২০২৬।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় বিরামপুর সরকারি কলেজ মাঠে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মেলায় দেশের প্রায় ৮৩টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেছেন, ‘আমরা চাই, আমাদের ছেলেমেয়েরা আমাদের চেয়ে ভালো জায়গায় অবস্থান করুক। তারা আমাদের চেয়ে বেশি যোগ্য হয়ে শুধু এই চেয়ার নয়, এর চেয়ে বড় চেয়ারেও কীভাবে বসতে পারে, সেভাবে নিজেদের তৈরি করুক।’
তিনি আরও বলেন, ‘এই অঞ্চল একটি অবহেলিত অঞ্চল। এই অঞ্চলের তরুণদের জাগিয়ে তুলতে এই জব ফেয়ার একটি ধাক্কা বা ঢেউ হিসেবে কাজ করবে। আজকের এই জব ফেয়ার যদি তরুণদের সুপ্ত প্রতিভার বিকাশে সামান্যও দিকনির্দেশনা দিতে পারে, তাহলে আমরা মনে করব, আমাদের কষ্ট সার্থক হয়েছে।’
জব ফেয়ার কমিটির আহ্বায়ক ও বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা ও জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল।
এ ছাড়া বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ আশীষ কুমার সরকার, নবাবগঞ্জের ইউএনও বিধান কান্তি হালদার, ঘোড়াঘাটের ইউএনও রুবানা তানজীন এবং হাকিমপুরের ইউএনও জর্জ মিত্র চাকমা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও অংশ নেন।
মেলায় চাকরির আবেদন করতে আসা জাহিদ নামের এক চাকরিপ্রার্থী জানান, তিনি একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি পদে আবেদন করেছেন। নিজ এলাকায় এ ধরনের আয়োজন হওয়ায় দূর-দূরান্তে গিয়ে চাকরির আবেদন করার খরচ ও ভোগান্তি কমেছে। পাশাপাশি নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে।
আয়োজকদের আশা, এ চাকরি মেলার মাধ্যমে স্থানীয় তরুণ-তরুণীদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হবে। একই সঙ্গে চাকরিপ্রার্থীরা নিজেদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করার সুযোগ পাবেন।




