খুলনায় ৩০০ গজের মধ্যে দুই যুবককে গুলি করে হত্যা

গ্রাফিকস: আগামীর সময়
খুলনায় মাত্র ৩০০ গজের মধ্যে দুই যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় লবণচরা থানার আশিবিঘা কালভার্ট এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মঞ্জুরুল ইসলাম (১৯) ও নাজমুল ইসলাম (১৮)। নিহত মঞ্জুরুল সেন্টারিং মিস্ত্রির কাজ করতেন। তিনি আশিবিঘা কালভার্ট এলাকার খোকন সানার ছেলে এবং নাজমুল একই এলাকার মনির হোসেনের ছেলে।
দুই হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন।
পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশিবিঘা কালভার্ট এলাকায় ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত মঞ্জুরুল ইসলামকে গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মঞ্জুরুল হত্যাকাণ্ডের পর মাত্র ৩০০ গজ দূরে দুর্বৃত্তরা নাজমুলকে গুলি করে হত্যা করে। রাত ১০টার দিকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন বললেন, ‘দুটি হত্যাকাণ্ডের সঙ্গে যোগসূত্রতা থাকতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হয়তো একই সময় তাদের হত্যা করা হয়েছে। তবে কী কারণে কারা তাদের হত্যা করেছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তসহ গ্রেপ্তারে চেষ্টা করা হচ্ছে।
এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর রায়েরমহলে রাজু (২৫) নামে এক যুবক গণপিটুনিতে নিহত হয়। ওই দিন রাত সাড়ে ৯টার দিকে রূপার নৈহাটি ইউনিয়নের দেবীপুর গ্রামে মীর মামুন নামে এক যুবককে দুর্বৃত্তরা মাথায় গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হলে আজ তিনি মারা যান।







