নরসিংদীতে ৩ হত্যা মামলার আসামি হান্নান গ্রেপ্তার

রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরের প্রেস ব্রিফিং
নরসিংদীর রায়পুরায় একাধিক হত্যা মামলার আসামি হান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে তার সহযোগী মির্জারচরের নুরুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর।
তিনি জানিয়েছেন, নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-ফারুকের নির্দেশনায় এবং তার তত্ত্বাবধানে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঢাকায় হান্নানের অবস্থান শনাক্ত করা হয়। পরে তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে হান্নান ও তার সহযোগী নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার হান্নানের বিরুদ্ধে গত জুনে দুর্গম চরাঞ্চল নিলক্ষার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের একটি মামলাসহ তিনটি হত্যা মামলা রয়েছে। এ ছাড়া দ্রুত বিচার আইনে একটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এবং অন্য ধারায় আরও পাঁচটি মামলা রয়েছে। সব মিলিয়ে তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে।
রায়পুরা থানার ওসি মো. মজিবুর রহমান জানিয়েছেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অন্যান্য অপরাধীদের গ্রেপ্তারেও পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।





