সখীপুরে সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্য সহকারীর মৃত্যু

নিহত আউয়াল শফিক
টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় আউয়াল শফিক (৪০) নামে এক স্বাস্থ্য সহকারী নিহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে নলুয়া-টাঙ্গাইল সড়কের নলুয়া বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আউয়াল শফিক উপজেলার যাদবপুর ইউনিয়নের বোয়ালি গ্রামের বাসিন্দা মোশারফ হোসেনের ছেলে। তিনি যাদবপুরে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, কর্মস্থল যাদবপুর থেকে ইপিআইয়ের (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি) কাজ শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আউয়াল শফিক। নলুয়া বাজারের পশ্চিম পাশে পৌঁছালে কোনো দ্রুতগতির যানবাহনের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা জানান, দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়। স্থানীয় বাসিন্দারা তাকে সড়কে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সখীপুর থানায় নিয়ে যায়।
স্থানীয়দের ধারণা, কোনো দ্রুতগতির যানবাহন মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে গেছে।
সখীপুর থানার ওসি মো. মুরাদ হোসেন জানিয়েছেন, নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





