সরিষাবাড়ী
পা পিছলে পানিতে, প্রাণ গেল শিশুর
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে পানিতে ডুবে তানজিদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের পশ্চিম স্বাধীনাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তানজিদ পশ্চিম স্বাধীনাবাড়ী এলাকার শামীম মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে একটি জলাশয়ের পাশ দিয়ে দোকান থেকে সদাই কিনে বাড়ি ফিরছিল তানজিদ। পথে অসাবধানতাবশত সে জলাশয়ে পড়ে যায়।
পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করলে একপর্যায়ে জলাশয়ে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কামরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।




