শখের বাগিচায় রসের ফল

গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে কমলা। সবুজ পাতার ফাঁকে উঁকি দেওয়া ফলগুলোর রঙ ও আকার সহজেই নজর কাড়ে। দেখতে আকর্ষণীয় এসব কমলা স্বাদেও বেশ মিষ্টি ও রসালো। গোপালগঞ্জের মাটিতে বিদেশি জাতের কমলা চাষ করে এমনই সাফল্য পেয়েছেন শৌখিন কৃষক মহব্বত হোসেন। শখের বশে শুরু করা তার এই উদ্যোগ এখন বাণিজ্যিক সম্ভাবনা তৈরি করেছে। চলতি মৌসুমে বাগানের কমলা বিক্রি করে সাড়ে তিন লাখ টাকা আয়ের আশা করছেন তিনি।
জেলা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে পশ্চিম শুকতাইল গ্রামের ড্রিম এগ্রো ফার্মে গড়ে উঠেছে ব্যতিক্রমী এই কমলার বাগান। প্রায় সাড়ে তিন বছর আগে ঝিনাইদহ থেকে ১০০টি কমলার চারা সংগ্রহ করেন মহব্বত। এরপর ৭৫ শতাংশ পতিত জমিতে চারাগুলো রোপণ করেন। দীর্ঘদিনের পরিচর্যার পর এবার গাছগুলোতে এসেছে আশাব্যঞ্জক ফলন। প্রতিটি গাছেই ধরেছে কমলা।
বাগানে ফলের আকার, রঙ ও স্বাদ দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন। কেউ বাগান ঘুরে দেখছেন, কেউ গাছ থেকে কমলা পেড়ে খেয়ে স্বাদ নিচ্ছেন। গোপালগঞ্জ শহর থেকে বাগান দেখতে আসা আকবর হোসেন ও ফয়সাল শেখ তাদের মধ্যে দুজন। তারা বাগানের কমলা খেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। পাশাপাশি নিজেদের জমিতেও এ জাতের কমলা চাষের আগ্রহ দেখান।
শখের এই বাগান গড়ে তুলতে গত তিন বছরে মহব্বতের ব্যয় হয়েছে প্রায় এক লাখ টাকা। এবার কমলা বিক্রি করে সাড়ে তিন লাখ টাকা আয়ের প্রত্যাশা করছেন তিনি। মহব্বত জানালেন, বাগানে কোনো রাসায়নিক সার ব্যবহার করেননি। শুধু জৈব সার প্রয়োগ ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে গাছগুলো বড় করেছেন। ফলন ও লাভের সম্ভাবনা দেখে আগামী বছর বাগানের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তার।
মহব্বতের এই সাফল্য স্থানীয় কৃষকদের মধ্যেও আগ্রহ তৈরি করেছে। কৃষি বিভাগের কর্মকর্তারাও এ অঞ্চলে কমলা চাষের সম্ভাবনা দেখছেন। জালালাবাদ ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা ভাস্কর বাড়ৈর ভাষ্য, গোপালগঞ্জের এ অঞ্চলের মাটি ও আবহাওয়া কমলা চাষের জন্য সম্ভাবনাময়। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া গেলে বাণিজ্যিকভাবে এ চাষ সম্প্রসারণ করা সম্ভব। এতে কৃষকদের আয় বাড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।



