ঋত্বিক ঘটকের স্মৃতিভিটায় আবারও আঘাত, কাটা হলো বটগাছ

ছবি: আগামীর সময়
একটি দেয়ালে আঁকা ছিল কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের প্রতিকৃতি। পাশে লেখা ছিল তার নির্মিত চলচ্চিত্রের নাম। সেই দেয়ালেই উদ্যাপন করা হয়েছিল তার জন্মবার্ষিকী। এবার সেই দেয়ালই ভেঙে ফেলা হয়েছে। কেটে ফেলা হয়েছে পাশে থাকা একটি বটগাছও। রাজশাহী নগরের মিঞাপাড়ায় ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটায় আবারও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে ক্ষুব্ধ স্থানীয় সংস্কৃতিকর্মীরা। তাদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে একদিন ইতিহাসের গুরুত্বপূর্ণ এই স্মৃতিচিহ্নও হারিয়ে যাবে।
গতকাল মঙ্গলবার বিকালে নগরের ঘোড়ামারা মহল্লার মিঞাপাড়ায় গিয়ে দেখা যায়, বসতভিটার একটি ঘরের দেয়াল ভেঙে ফেলা হয়েছে। দেয়াল ঘেঁষে থাকা বটগাছটিও কেটে ফেলা হয়েছে। অথচ এই ঘরেই গত বছর ঋত্বিক ঘটকের ৯৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছিল। চলতি বছরের ৪ নভেম্বর এখানে উদ্যাপন করা হয় তার ১০১তম জন্মবার্ষিকী।
স্থানীয় সংস্কৃতিকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঐতিহাসিক এ বসতভিটা সংরক্ষণের দাবি জানানো হচ্ছে। কিন্তু কার্যকর উদ্যোগ না নিয়ে স্থাপনাটি ধীরে ধীরে নিশ্চিহ্ন হতে দেওয়া হচ্ছে।
বসতভিটায় কাজ করা নির্মাণশ্রমিক গোলাম মোস্তফা বলেন, সকালে তারা সেখানে কাজ করতে আসেন। দেয়ালের ভেতরে ঢুকে যাওয়া গাছের শিকড় ও ডালপালা কেটেছেন। পাশাপাশি পুরনো দেয়াল ভাঙা ও আগাছা পরিষ্কারের কাজ করেছেন। তিনি বলেন, ‘আমরা তো জানতাম না। দৈনিক মজুরিতে কাজ করতে এসেছি। পরে শুনেছি, এটা ভাঙা যাবে না। কিন্তু কর্তৃপক্ষ আমাদের টাকা দিয়ে রেখেছে, এ জন্য কাজ করছি।’
২০২৪ সালের পর থেকে তিন-চারবার বসতভিটাটি ভাঙার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেন সংস্কৃতিকর্মী হাসিবুল হাসনাত। তিনি বলেন, প্রথমে বড় যন্ত্রপাতি দিয়ে বাড়ির বড় অংশ গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর শ্রমিক ও মিস্ত্রি দিয়ে ধীরে ধীরে অবশিষ্ট অংশ ভাঙার চেষ্টা চলছে। তাদের দাবি, ঐতিহাসিক স্থাপনাটি আর কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করা যাবে না। বসতভিটাটি সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।
ঋত্বিকের ১০১তম জন্মবার্ষিকী উদ্যাপন কমিটির সদস্যসচিব আতিকুর রহমান বলেন, শ্রমিকরা জায়গাটি পরিষ্কার করার কথা বললেও সেখানে ভাঙার কাজ চলছিল। বিষয়টি বুঝতে পেরে তাদের কাজ বন্ধ করতে বলা হয়। তার অভিযোগ, রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ ঐতিহাসিক স্থাপনাটি ধ্বংস করে জায়গাটি দখলে নেওয়ার চেষ্টা করছে।
ঘটনার নিন্দা জানিয়েছেন স্থানীয় সংস্কৃতিকর্মী ও বরেন্দ্র ইয়ুথ ফোরামের সাধারণ সম্পাদক পলি রানী। তিনি বলেন, ঋত্বিক ঘটক শুধু এপার বাংলা বা ওপার বাংলার চলচ্চিত্র নির্মাতা নন, বিশ্ব জুড়েই তার পরিচিতি রয়েছে। তার স্মৃতিবিজড়িত এ জায়গা সবার সম্পদ। এটি ভেঙে ফেলার পরিবর্তে সংরক্ষণ করা উচিত। এখানে ঋত্বিক ঘটকের নামে একটি চলচ্চিত্র কেন্দ্র বা চলচ্চিত্রবিষয়ক প্রতিষ্ঠান গড়ে তোলা যেতে পারে।
ঋত্বিক কুমার ঘটকের শৈশব ও জীবনের শুরুর সময় কেটেছে এই পৈতৃক বসতভিটায়। সময়ের সঙ্গে জায়গাটির ঐতিহাসিক গুরুত্ব বাড়লেও তা সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ১৯৮৯ সালে বাড়িটির ৩৪ শতাংশ জমি তৎকালীন এরশাদ সরকার রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালকে ইজারা দেয়। পরে ২০২০ সালে জেলা প্রশাসন বাড়িটি সংরক্ষণের উদ্যোগ নেয়। তবে সেই উদ্যোগ আর বাস্তবায়িত হয়নি।
এরপর ২০২৪ সালের ৬ আগস্ট বাড়িটির তিনটি কক্ষ ভাঙা শুরু হয়। পর্যায়ক্রমে অবশিষ্ট অংশও ভেঙে ফেলা হয়। ভাঙা ঘরের ইটের কিছু অংশ সরিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। এবার নতুন করে একটি ঘরের দেয়াল ভাঙা হলো, কেটে ফেলা হলো বটগাছ।
এ বিষয়ে জানতে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ আনিসুর রহমানের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
অন্যদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং কলেজের সভাপতি নাহারুল ইসলাম বলেন, বসতভিটার দেয়াল ঘেঁষে থাকা বটগাছ কাটার বিষয়টি তাকে আগে জানানো হয়নি। পরে বিষয়টি জানতে পেরে তিনি কাজ বন্ধ করে দিয়েছেন।
একজন চলচ্চিত্র নির্মাতার পৈতৃক বাড়ি শুধু একটি স্থাপনা নয়, এটি ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ স্মারক। ঋত্বিক ঘটকের স্মৃতিবিজড়িত রাজশাহীর এ বসতভিটাও তেমনই এক ঐতিহাসিক সম্পদ। অথচ সংরক্ষণের উদ্যোগ ঝুলে থাকায় একের পর এক হারিয়ে যাচ্ছে এর অস্তিত্বের চিহ্ন।
এখন প্রশ্ন, অবশিষ্ট স্মৃতিচিহ্ন রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে, নাকি একদিন মানচিত্রে জায়গাটির ঠিকানা থাকলেও ঋত্বিক ঘটকের স্মৃতির কোনো দৃশ্যমান চিহ্নই অবশিষ্ট থাকবে না?



