গ্রেপ্তার আ.লীগ-যুবলীগ নেতাদের কাছে মিলল বাঁশের লাঠি ও পাথরের টুকরা

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতারা
রংপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় ২৫টি বাঁশের লাঠি ও রেললাইনে ব্যবহৃত ২৩০টি ছোট-বড় পাথরের টুকরা জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।
এর আগে বৃহস্পতিবার ভোররাতে কাউনিয়া উপজেলার চেতনার মোড় স্মৃতিসৌধের সামনে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন উপজেলার তালুক সাহাবাজ গ্রামের মোস্তাফিজুর রহমান (৪০), নাজিরদহ গ্রামের মোস্তফা কামাল ওরফে রাজু আহম্মেদ (৫০), রাজিব গ্রামের শাহ আলম (৩৮), সদরা তালুক গ্রামের হেকমত আলী (৩৫) ও নিজপাড়া গ্রামের শাহরিয়ার রাকিব (২৬)।
এর মধ্যে মোস্তফা কামাল হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, শাহ আলম যুবলীগের ওয়ার্ড সহসভাপতি এবং হেকমত আলী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।
অন্যদিকে, গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন বড়বিল ইউনিয়নের মনিরাম চৌধুরীপাড়া এলাকার আতাউর রহমান ওরফে আতা (৪৬)। তিনি বড়বিল ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য।
অন্যজন খলেয়া ইউনিয়নের পূর্ব খলেয়া উত্তর বিড়াবাড়ি এলাকার এনছান আলী (৩৮)। তিনি খলেয়া ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য।
রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।



