রাজশাহী
মিষ্টির লোভ দেখিয়ে শিশুকে যৌন নিপীড়ন, গ্রন্থাগারিক গ্রেপ্তার

গ্রেপ্তার আজিজুল আলম
রাজশাহীর কাশিয়াডাঙ্গায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে এক গ্রন্থাগারিককে গ্রেপ্তার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।
গ্রেপ্তার আজিজুল আলম স্থানীয় হড়গ্রাম মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজে কর্মরত ছিলেন।
গতকাল রবিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হলেও আজ সোমবার দুপুরে নগরীর কাশিয়াডাঙ্গা থানার ওসি ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করলেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয় ছুটির পর আজিজুল মিষ্টি খাওয়ানোর কথা বলে মেয়েটিকে রানীদিঘী এলাকায় তার ভাগ্নির বাড়িতে নিয়ে যান। সেখানে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন তিনি। পরে ভুক্তভোগী মেয়েটি বাড়ি গিয়ে তার বাবা-মাকে জানায় বিষয়টি।
নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক জানান, আগেও এমন অপকর্ম করেছেন এই আজিজুল। কিন্তু প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দিয়েছে। এতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
কাশিয়াডাঙ্গা থানার ওসি ফরহাদ আলী জানান, অভিযুক্ত আজিজুলের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।





