পীরগঞ্জে অসময়ের বৃষ্টিতে ভিজছে কাটা ধান

অসময়ের বৃষ্টিতে রংপুরের পীরগঞ্জের কেটে রাখা আমন ধান ক্ষেতে নষ্ট হচ্ছে। ছবি: আগামীর সময়
রংপুরের পীরগঞ্জে হঠাৎ অসময়ের বৃষ্টিতে মাঠে পড়ে থাকা কাটা আমন ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। সোনালি ফসল ঘরে তোলার মুহূর্তে বৈরী আবহাওয়ায় ভিজে যাচ্ছে জমিতে শুকাতে দেওয়া ধান। এতে ধানের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে পীরগঞ্জ উপজেলায় ২৫ হাজার ৫৯৫ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলনের আশা করেছিলেন কৃষকেরা। ইতিমধ্যে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পুরোদমে ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু হয়েছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, অনেক কৃষক ধান কেটে রোদে শুকানোর জন্য জমিতেই বিছিয়ে রেখেছিলেন। কিন্তু হঠাৎ আকাশ মেঘলা হয়ে গুঁড়ি গুঁড়ি ও মাঝারি বৃষ্টি শুরু হওয়ায় কাটা ধান ভিজে গেছে। দ্রুত এসব ধান ঘরে তুলতে না পারলে খড় পচে যাওয়া এবং ধানে অঙ্কুর গজানোর আশঙ্কা রয়েছে।
কাবিলপুর ইউনিয়নের কৃষক রেজাউল করিম বলেছেন, এবার পাঁচ বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছিলাম। ফলনও মোটামুটি ভালো হয়েছে। তিন বিঘা জমির ধান কেটে মাঠে শুকাতে দিয়েছি। কিন্তু অসময়ের বৃষ্টিতে সব ভিজে গেছে। এখন এই ভেজা ধান ঘরে তোলা ও শুকানো নিয়ে চরম দুশ্চিন্তায় আছি।
একই এলাকার আরেক কৃষক হাফিজার রহমান জানিয়েছেন, বৃষ্টির কারণে ধান কাটার শ্রমিকসংকট আরও বেড়েছে। বাড়তি মজুরি দিয়েও সময়মতো ধান কাটা ও বাড়িতে নেওয়ার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। এতে উৎপাদন খরচও বেড়ে যাচ্ছে।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ জানিয়েছেন, অসময়ের বৃষ্টিতে মাঠে থাকা কাটা ধানের কিছুটা ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তারা সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ দিচ্ছেন। আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলেই মাঠে পড়ে থাকা কাটা ধান দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং পাকা ধান কেটে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে।




