কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৩৬

প্রতীকী ছবি
কুমিল্লার ১৮টি থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৩৬ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ১০৭ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকি ১২৯ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে এ অভিযান চালায়। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।
শনিবার বিকালে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
তিনি জানালেন, কুমিল্লা মহানগরসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে, এমন স্থানগুলো চিহ্নিত করে অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততার বিষয়টি যাচাই-বাছাই শেষে ১০৭ জনের বিরুদ্ধে বিভিন্ন মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদের মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশের ভাষ্য, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।



