চলতি মাসেই বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম

বগুড়া শহরের করতোয়া কনভেনশন সেন্টারে একটি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় বক্তব্য দিচ্ছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
চলতি সপ্তাহের শেষ দিকে অথবা চলতি মাসের মধ্যেই প্রধানমন্ত্রী বগুড়া সফরে আসছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এই সফরে প্রধানমন্ত্রী করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণকাজের উদ্বোধন করবেন।
আজ বৃহস্পতিবার সকালে বগুড়া শহরের করতোয়া কনভেনশন সেন্টারে স্থানীয় দৈনিক বগুড়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘চলতি সপ্তাহের শেষ দিকে অথবা মাসের শেষ দিকে প্রধানমন্ত্রী বগুড়ায় আসবেন।’ এ সফরে করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করবেন তিনি। বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে কাজ করছেন।
তিনি আরও বলেছেন, ‘ইতোমধ্যে বগুড়ার সার্বিক উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে। জেলার সাতটি সংসদীয় আসনে এই বরাদ্দ সমানভাবে বণ্টন করা হবে।
বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, এসংক্রান্ত বিলটি এরই মধ্যে জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। এটি পাস হলে জেলায় নতুন কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে।
জেলার সুনাম ক্ষুণ্ন হয় এমন কোনো কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের ধৈর্য খুব কম, আমরা অনেক সময় অস্থির হয়ে পড়ি। কিন্তু উন্নয়ন তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে। উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
অনুষ্ঠানে দৈনিক বগুড়ার প্রকাশক ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশা সভাপতিত্ব করেন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।
জেলার উন্নয়নে ঐকমত্যের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ‘সামান্য বিষয় নিয়ে বিভক্ত হয়ে আমরা নিজেরাই জেলার উন্নয়ন বাধাগ্রস্ত করছি। এ অবস্থা থেকে বেরিয়ে এসে বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, এ কে এম মাহবুবুর রহমান, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসানাত আলী, বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, বেসরকারি সংস্থা টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ প্রমুখ।



