নাঙ্গলকোট
শিক্ষাকেন্দ্রে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ পরিচালকের বিরুদ্ধে

অভিযুক্ত মাওলানা মাহবুবুল হক হেলালী
কুমিল্লার নাঙ্গলকোটে ইসলামী ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রে এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে কেন্দ্রটির শিক্ষক ও পরিচালক মাওলানা মাহবুবুল হক হেলালীর বিরুদ্ধে।
আজ বৃহস্পতিবার বিশারা-খান্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শিশুটির পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা।
স্থানীয়রা জানিয়েছে, গণশিক্ষা কেন্দ্রটি মাওলানা মাহবুবুল হক হেলালী পরিচালনা করছেন। কেন্দ্রেটিতে ১০-১২ শিশু পড়াশোনা করে। বৃহস্পতিবার সকালে ওই শিশুকে তার বোনসহ মোটরসাইকেলে করে কেন্দ্রে নিয়ে যান মাহবুবুল হক। এ সময় কক্ষে কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিল। শিশুদের পড়াশোনার পরিবর্তে মোবাইল ফোন খেলায় ব্যস্ত রেখে ভিকটিম শিশুটির সঙ্গে যৌন নিপীড়ন চালায় মাওলানা হেলালি। এ সময় শিশুটি চিৎকার দিয়ে কান্না শুরু করলে বিষয়টি জানাজানি হয়।
ভিকটিমের বোন অভিযোগ করে, তার বোন কান্নাকাটি শুরু করলে তাকে বাড়িতে নিয়ে যেতে চাইলে বাধা দেন অভিযুক্ত ব্যক্তি। পরে সে বোনকে জোর করে সেখান থেকে বাড়ি নিয়ে আসে।
এ বিষয়ে এলাকার একাধিক ব্যক্তির ভাষ্য, কক্ষটিতে পড়ানোর টেবিল-চেয়ারের পাশাপাশি একটি খাটও রয়েছে। এ ছাড়া কক্ষটির একাংশে ধান ও বিভিন্ন সামগ্রী রাখা হয়। শিশুদের নিয়মিত পাঠদানের স্থান হিসেবে এমন পরিবেশ কতটা উপযোগী, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
তারা আরো বলেন, মাওলানা মাহবুবুল হক হেলালীর বিরুদ্ধে আগেও বিভিন্ন অভিযোগ উঠেছিল।
অভিযুক্ত শিক্ষক মাওলানা মাহবুবুল হেলালী পলাতক থাকায় তার বাড়ি গিয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ইসলামী ফাউন্ডেশন ফিল্ড সুপারভাইজার ওবায়দুল হক তারেক বলেন, বিষয়টি শুনেছি। কেন্দ্রেটির পরিবেশ ভালো নয়। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানাব।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



