বিএনপি নতুন স্বৈরাচার হয়ে উঠছে: নাহিদ ইসলাম

মুন্সিগঞ্জে আয়োজিত মতবিনিময় সভায় কথা বলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: আগামীর সময়
আগামী নির্বাচন সুষ্ঠু হোক, এটা বিএনপি চায় না বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আওয়ামী লীগকে প্রতিরোধ করতে না পারার পর বিএনপি নতুন স্বৈরাচার হয়ে উঠছে। বিএনপি এখন শিশু সরকার সেজেছে, আর শিশুকে শাসন করতে হয়।
আজ সোমবার দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জে সাংগঠনিক অগ্রগতি ও স্থানীয় নির্বাচন নিয়ে পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় যোগ দিতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম।
দেশে দমন-পীড়ন বেড়েছে অভিযোগ করে তিনি বললেন, ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কেউ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারছেন না। সাংবাদিকদেরও নির্যাতন ও নিপীড়নের শিকার হতে হচ্ছে।
আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা প্রসঙ্গে নাহিদ ইসলাম জানালেন, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না। আওয়ামী লীগের বর্তমান তৎপরতাকে শুধু দলটির কর্মকাণ্ড হিসেবে দেখলে হবে না। ভারত বাংলাদেশকে নানামুখী চাপে রাখতে এ ধরনের তৎপরতা চালাচ্ছে।
নাহিদ ইসলাম বললেন, আওয়ামী লীগকে বিদায় করেছি। এখন আধিপত্যবাদী শক্তিকে কীভাবে মোকাবিলা করা যায়, সেটিই গুরুত্বপূর্ণ। জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কোনো দলকে বিবেচনায় না নিয়ে বাংলাদেশের পক্ষে ও বিপক্ষে কারা অবস্থান করছে, তা দেখতে হবে।
মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। মুন্সিগঞ্জ জেলা এনসিপির সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্যসচিব মারুফ হাসান মন্টির সঞ্চালনায় সভায় মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও ঢাকা দক্ষিণ জেলা এনসিপির নেতাকর্মীরা অংশ নেন।




