নেত্রকোনায় ইয়াবা সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

ছবি: আগামীর সময়
নেত্রকোনার কেন্দুয়ায় ইয়াবা সেবনের দায়ে দুই যুবককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১১টার দিকে পৌর সদরের চন্দ্রগাতী এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- চন্দ্রগাতী এলাকার ফয়সাল (২৭) ও রনি মিয়া (২৯)। ফয়সালের বাবার নাম মজিবুর এবং রনি মিয়ার বাবার নাম আজিম উদ্দীন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ইয়াবা সেবনের দায়ে পৃথক দুটি মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।




