মেঘনার ভাঙন থেকে কৃষিজমি বাঁচাতে মানববন্ধন
- অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি
- ঝুঁকিতে ৩ হাজার কৃষক

ছবি: আগামীর সময়
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দা ও কৃষকরা। তাদের অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীতীরবর্তী কৃষিজমি ও নতুন চর ভাঙনের ঝুঁকিতে পড়েছে। দ্রুত বালু উত্তোলন বন্ধ না হলে এলাকার অন্তত তিন হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হতে পারেন।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নরসিংদীর রায়পুরা উপজেলার কয়েকটি বালু উত্তোলনকারী চক্র ইজারা ছাড়াই নবীনগরের ধরাভাঙ্গা এলাকায় মেঘনা নদী থেকে বালু তুলছে। দিনের বেলায় নদীর মাঝখান থেকে বালু উত্তোলন করা হলেও রাতের আঁধারে নদীর তীরবর্তী অংশ থেকেও বালু তোলা হচ্ছে। এতে নদীর তীরবর্তী নতুন চর ও আশপাশের কৃষিজমি ভাঙনের ঝুঁকিতে পড়েছে।
বক্তারা আরো বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না হলে নদীভাঙনে কৃষিজমি হারানোর পাশাপাশি জীবিকা নিয়েও সংকটে পড়বেন স্থানীয় কৃষকরা। বিশেষ করে ধরাভাঙ্গা গ্রামের নদীতীরবর্তী কৃষিজমি রক্ষায় দ্রুত বালু উত্তোলন বন্ধ করা প্রয়োজন।
তারা অবৈধ বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেন। অন্যথায় কৃষিজমি ও বসতভিটা রক্ষায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন। একই সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রতিহত করার ঘোষণা দেন তারা।
মানববন্ধন শেষে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নদীতীরবর্তী কৃষিজমি রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।




