চিনে ফেলায় যুব মহিলা লীগ নেত্রী ডালিয়াকে হত্যা করে চোররা, দাবি পুলিশের
- গ্রেপ্তার ৩

ছবি: আগামীর সময়
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী ডালিয়া আক্তার (৪৫) হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, চুরির উদ্দেশ্যে বাসায় ঢোকার পর ডালিয়া চিনে ফেলায় তাকে ছুরিকাঘাতের পর গলা কেটে হত্যা করে আসামিরা।
পুলিশ জানায়, গত শুক্রবার পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো- মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার চান্দেরচর এলাকার মো. আশিক (২৩), গুলাগুলিয়া এলাকার মো. আলমগীর হোসেন (৩৬) ও মধ্যেপাড়া এলাকার মো. অনিক (১৯)।
আজ রবিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে সই রয়েছে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তরিকুল ইসলামের।
পুলিশ জানায়, গত ২৩ অক্টোবর সকাল ৬টার মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর রসুলপুর বাজারের সুইডেন প্লাজার তৃতীয় তলার একটি ফ্ল্যাটে ডালিয়া আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সার্বিক দিকনির্দেশনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ হত্যার রহস্য উদ্ঘাটনে অভিযান শুরু করে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে অনিককে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার বালুরচর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আশিক ও আলমগীরকে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তারা পূর্বপরিচিত ছিলেন। তারা জানতেন, ডালিয়া সকালে গৃহকর্মীর জন্য বাসার দরজা খোলা রাখতেন। এই সুযোগে চুরির উদ্দেশ্যে পাশের ভবনের ছাদ দিয়ে তারা ডালিয়ার বাসায় প্রবেশ করেন। এ সময় ডালিয়া তাদের দেখে চিনে ফেলেন এবং চিৎকার শুরু করেন। নিজেদের রক্ষা করতে তারা ডালিয়াকে ছুরিকাঘাত করে গলা কেটে হত্যা করেন বলে পুলিশের ভাষ্য।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরে আশিক ও আলমগীর ছাদ দিয়ে পালিয়ে যান। আর অনিক বোরকা পরে মূল দরজা দিয়ে বেরিয়ে যান। পালানোর সময় তারা বোরকা ও জুতা বালুর মাঠে ফেলে যান। পরে অনিকের দেওয়া তথ্যের ভিত্তিতে সেখান থেকে বোরকা ও জুতা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ডালিয়ার মেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা করেন।



