রামপালে শেখ আহাদ হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার দুই আসামি বাকী বিল্লাহ শেখ (৪৭) ও মাসুম বিল্লাহ শেখ (৫২)। সংগৃহীত ছবি
বাগেরহাটের রামপালে শেখ আহাদ আহমেদ ইতু (২৩) হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খুলনার ফুলতলা উপজেলার লারিপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন— উপজেলার কিসমত চণ্ডীতলা গ্রামের বাকী বিল্লাহ শেখ (৪৭) ও মাসুম বিল্লাহ শেখ (৫২)। তারা নিহতের চাচা।
এজাহারভুক্ত ১ ও ২ নম্বর আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৬-এর মিডিয়া অফিসার সৈয়দ ফজলুর রহমান।
তিনি জানালেন, এ ঘটনায় নিহতের বড় ভাই শেখ রাহাত রামপাল থানায় হত্যা মামলা করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, মৎস্যঘের ও জমি নিয়ে বাদীপক্ষের সঙ্গে আসামিপক্ষের দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে গতকাল সোমবার চণ্ডীতলা গ্রামে আহাদের বাড়ির সামনের রাস্তায় আসামিরা আহাদের বাবা ফরিদ উদ্দীনকে গালাগাল ও তুচ্ছ-তাচ্ছিল্য করেন। পরে আহাদ ঘর থেকে বের হয়ে রাস্তায় এলে তাকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয় লোকজন রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআরবির মিডিয়া অফিসার ফজলুর জানিয়েছেন, মামলার এজাহার বিশ্লেষণ করে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।




