কুয়েটে পাঁচ শিক্ষকসহ সাতজন চাকরিচ্যুত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বিভিন্ন অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাঁচ শিক্ষকসহ সাত কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১১৫তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
চাকরিচ্যুত শিক্ষকেরা হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. পিন্টু চন্দ্র শীল, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. সুব্রত তলাপাত্র, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক নিবিড় মণ্ডল, মানবিক ও ব্যবসায় বিভাগের অধ্যাপক ড. মাসরুরা মোস্তফা এবং একই বিভাগের সহকারী অধ্যাপক শাহরিয়ার রোমান। এ ছাড়া ডেপুটি রেজিস্ট্রার নিমাই চন্দ্র মিস্ত্রি ও অফিস সহায়ক সত্যজিৎ কুমার দত্তকে চাকরিচ্যুত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঞা জানান, বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘন, চাকরিতে যোগদানের সময় ভুয়া অভিজ্ঞতার সনদ দাখিল এবং নিয়োগের ক্ষেত্রে বয়সসংক্রান্ত অনিয়মসহ বিভিন্ন অভিযোগ তদন্তের পর তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁদের আগে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। তদন্ত শেষে অনেকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। কেউ ব্যাখ্যা দিয়েছেন, কেউ দেননি। পরে সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে পাঁচ শিক্ষকসহ সাতজনকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত হয়।



