শরণখোলায় ইয়াবাসহ আটক কারবারি
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছেন আলামীন হাওলাদার (৩৯) নামে এক মাদক কারবারি।
গতকাল বৃহস্পতিবার গভীর রাতে মাদক বিক্রির সময় উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর এলাকা থেকে আটক করা হয় তাকে।
আটক আলামীন রাজৈর গ্রামের চানমিয়া হাওলাদারের ছেলে। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শরণখোলা থানার ওসি রোকেয়া খানম জানালেন, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে থানার এসআই শিবলী রহমানের নেতৃত্বে পুলিশ অভিযানে ইয়াবাসহ আলামীনকে হাতেনাতে আটক করে। এ সময় ক্রেতাসহ তার সঙ্গে থাকা লোকজন পালিয়ে যায়।
তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শুক্রবার (১৪ আগস্ট) সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে, বললেন তিনি।






